Wednesday 02 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সেই নিজাম উদ্দীনের পাশে তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৭:২০ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৮:২৫

ঢাকা: বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাওয়া থেকে বিরত থাকার প্রতিজ্ঞায় অটল গুরুতর অসুস্থ সেই নিজাম উদ্দীনের পাশে দাঁড়িয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে আনা হয়েছে ঢাকার পিজি হাসপাতালে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নিজাম উদ্দীন শারীরিক অবস্থার খোঁজ-খবর নিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুরে যায়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিজাম উদ্দীন এবং তার স্বজনদের তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এরপর উন্নত চিকিৎসার জন্য একটি এ্যাম্বুলেন্সে করে নিজাম উদ্দীনকে নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হয় প্রতিনিধি দলটি।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা আলমগীর কবির ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনি।

এছাড়া ফরিদপুর জেলা ড‍্যাবের সাবেক সভাপতি প্রফেসর ডা. মোস্তাফিজুর রহমান শামীম, ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডা. খান মো.আরিফ, সহযোগী অধ্যাপক ডা. এম এম শাহিনুর ইসলাম, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আর পি ডা. মো. মিজানুর রহমান এবং ফরিদপুর জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৪ সালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষীকিতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেদিনের সেই ঘটনায় দারুণভাবে মানসিক আঘাত পেয়েছিলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপিকর্মী নিজাম উদ্দীন। প্রতিজ্ঞা করেছিলেন, বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না তিনি। সেই প্রতিজ্ঞা রক্ষায় টানা ১১ বছর ভাত খান না নিজাম উদ্দীন।

দীর্ঘদিন না খেয়ে থাকা এবং অতিরিক্ত ধূমপান করায় শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন নিজাম উদ্দীন। চিকিৎসকদের ধারণা- নিজাম উদ্দীন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এরইমধ্যে কিছু টেস্ট করানো হয়েছে তার। মেডিকেল রিপোর্ট দেখে বোঝা যাবে, তার শারিরীক অবস্থা এখন কেমন।

অসুস্থতার এমন খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজাম উদ্দীনের খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেন।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

আরো