শেফিল্ড ইউনাইটেডে স্থায়ীভাবে চুক্তিবদ্ধ হওয়ার পর প্রথম ম্যাচেই শুরুর একাদশে জায়গা পেলেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। আর মাঠে নেমেই দেখলেন দলের জয়। চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়ে চলতি মৌসুমের প্রথম জয়ের দেখা পেয়েছে শেফিল্ড।
মঙ্গলবার রাতে ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল শেফিল্ডের মৌসুমের চতুর্থ ম্যাচ। আগের তিন ম্যাচেই জয়হীন ছিল দলটি। তিন ম্যাচের সবকটিই ড্র হওয়ায় প্রথম জয়ের জন্য অপেক্ষায় ছিল শেফিল্ড। হামজার প্রত্যাবর্তনের রাতেই সেই অপেক্ষার অবসান হলো।
ম্যাচের শুরুটা অবশ্য স্বাগতিকদের জন্য ছিল হতাশার। প্রথম মিনিটেই জাভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন। তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে শেফিল্ড। মাত্র তিন মিনিটের ব্যবধানে সমতা ফেরায় তারা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও শুরুতে এগিয়ে যায় বোল্টন। সফরকারীদের হয়ে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন স্যাম ডালবি। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বোল্টন। এক মিনিটের মধ্যেই প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে আবারও সমতায় ফেরে শেফিল্ড।
শেষ দিকে ম্যাচটি ২-২ সমতায় শেষ হওয়ার সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে নাটকীয়ভাবে জয়সূচক গোল পেয়ে যায় শেফিল্ড। রোমেলে ডোনোভানের সেই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
গোলের ব্যবধান কম হলেও আক্রমণে দুই দলই ছিল সক্রিয়। শেফিল্ড পুরো ম্যাচে ৫৩ শতাংশ বল নিজেদের দখলে রাখে এবং বোল্টনের গোলমুখে নেয় ২০টি শট। অন্যদিকে ৪৭ শতাংশ বলের দখল নিয়ে বোল্টন শেফিল্ডের গোলমুখে শট নেয় ২১টি। এর মধ্যে পাঁচটি ছিল লক্ষ্যে।
স্থায়ীভাবে শেফিল্ডে ফেরার পর এটিই হামজার প্রথম ম্যাচ। আগের দফায় ধারে খেলতে এসে ক্লাবটির সমর্থকদের প্রিয় হয়ে ওঠা বাংলাদেশি এই মিডফিল্ডারের প্রত্যাবর্তন তাই হলো জয়ে রাঙানো।