ঢাকা: আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে সব উপজেলা/থানা ও রেজিষ্ট্রেশন কর্মকর্তাকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।
এতে বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষ্যে আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন দাখিল, ইস্যুকরণ এবং দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তি করার জন্য নির্বাচন কমিশন সময় নির্ধারণ করেছেন। তা হলো আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ৭ সেপ্টেম্বর। দাখিলকৃত আবেদনসমূহ ইস্যুকরণের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর ভোটার স্থানান্তরের জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ১০ সেপ্টেম্বর।
এতে আরও বলা হয়েছে, সময়সূচি অনুযায়ী স্থানান্তরের আবেদনসমূহ নিস্পত্তিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।