Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিসিবি সভাপতিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৫ ১৭:৩৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর ও ঘরোয়া ক্রিকেটের অনিয়মের অভিযোগে এক মাসের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবারও অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (শনিবার) দুপুর ১টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রবেশ করে দুদকের চার সদস্যের একটি দল। এর আগে গত ১৫ এপ্রিল সুনির্দিষ্ট তিনটি অভিযোগের ভিত্তিতে প্রথম দফায় অভিযান চালায় প্রতিষ্ঠানটি।

আজ অভিযানে নেতৃত্ব দেয়া দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানান,  নিয়ম না মেনে বোর্ড সভাপতি ফারুক আহমেদের বিপক্ষে বিসিবির ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফারের যে অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে সভাপতিকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। আজ অভিযান চলাকালীন বিসিবিতে আসেন বোর্ড সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক।

বিজ্ঞাপন

বিসিবিতে কার্যালয়ে বিভিন্ন নথি সংগ্রহ ও তদন্তসহ বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলে দুদকের অভিযান পরিচালনাকারী দলটি। তদন্ত শেষে শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে দুদক সহ পরিচালক রাজু বলেন, ‘আমরা ব্যাংকিং খাতের ট্রান্সফারের বিষয়ে উনার সঙ্গে কথা বলব। প্রকৃত বিষয় জানার চেষ্টা করব।’

সভাপতি ফারুক আহমেদের বিপক্ষে নিয়মভঙ্গের অভিযোগ এনে সংবাদ পরিবেশ করে একাধিক সংবাদমাধ্যম। জানা যায়, ১২০ কোটি টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করেছেন তিনি। পরবর্তীতে জানা যায়, টাকার অঙ্ক ১৩৮ কোটি। যদিও আনুষ্ঠানিক এক বিবৃতিতে সভাপতির নিয়ম ভাঙার খবর উড়িয়ে দেয় বিসিবি।
গত ২৬ এপ্রিল সেই বিবৃতিতে বলা হয়, খবরটি ভিত্তিহীন। নিজের কিংবা অন্যের স্বার্থে নয়, বেশি মুনাফা প্রাপ্তি ও তুলনামূলক বেশি নিরাপদ ব্যাংকে সভাপতি ফিক্সড ডিপোজিটের টাকা ট্রান্সফার করেন বোর্ডের স্বার্থে।

সারাবাংলা/জেটি