Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেথ ওভার বোলিংয়ে বিশ্বরেকর্ড মোস্তাফিজের

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ১৭:০৪

আন্তর্জাতিক টি_টোয়েন্টিতে ডেথ ওভারে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড মোস্তাফিজুর রহমান

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ভরসার নাম মোস্তাফিজুর রহমান। পাওয়ারপ্লে তো বটেই, বিশেষ করে ডেথ ওভারে তার কার্যকারিতা অনস্বীকার্য। জাতীয় দলের তো বটেই, আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগেও এই স্কিলের জন্যই দল পান এই বাঁহাতি পেসার। ডেথ ওভারে তার এই নির্ভরতা এবার ছাড়িয়ে গেল পরিসংখ্যানেও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেথ ওভারে সর্বোচ্চ ডট বলের মালিক মোস্তাফিজ।

গতকাল (শনিবার) রাতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শারজায় প্রথম টি-টোয়েন্টিতে ২৭ রানে জিতেছে বাংলাদেশ। আমিরাতের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে আনাতে দারুণ ভূমিকা রেখেছেন মোস্তাফিজ। চার ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। চার ওভার বল করে ডট দিয়েছেন ১৪টি। যার অর্ধেকই এসেছে ডেথ ওভারে। ১৮ ও ২০তম ওভারে বোলিংয়ে এসে এক উইকেট নিয়েছেন, আর সাতটি দিয়েছেন ডট। তার দারুণ বোলিংয়েই জয়ের পথে থাকা আমিরাত পড়ে যায় রানের চাপে।

বিজ্ঞাপন

এই সাতটি ডট বল করে মোস্তাফিজ ডেথ ওভারে নিজের সংখ্যাটা নিয়ে গেলেন ৩০০-তে। যদিও এর আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডেথ ওভারে সর্বোচ্চ ডট বল করা বোলার ছিলেন তিনিই। ২৪১টি ডট বল নিয়ে তার পেছনে আছেন ইংল্যান্ডের ক্রিস জর্ডান। নিউজিল্যান্ডের টিম সাউদি ২৪০ ডট নিয়ে আছেন তৃতীয় অবস্থানে। পাকিস্তানের হারিস রউফ ২২২টি ও ভারতের জাসপ্রিত বুমরাহ করেছেন ২০৮টি ডট বল।

ডেথ ওভারে উইকেট নেয়াতেও বেশ এগিয়ে মোস্তাফিজ। ৮৭ ইনিংসে নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ উইকেট। ৬৫ উইকেট নিয়ে সবার ওপরে সাউদি। ক্রিস জর্ডানের ৬১, সাবেক শ্রীলংকান পেসার লাসিথ মালিঙ্গা ক্যারিয়ার শেষ করেছেন ৫৭ উইকেট নিয়ে। হারিস রউফ পঞ্চম অবস্থানে ৫৬ উইকেট নিয়ে।

সারাবাংলা/জেটি