Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘হ্যালো, আমি ফাহামিদুল বলছি’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৫ ১৭:৪১

আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন ফাহামিদুল ইসলাম

জাতীয় দলের হয়ে এক ম্যাচ না খেলেও ফাহামিদুল ইসলামের মতো দর্শক সমর্থন বাংলাদেশ ফুটবলে কজন পেয়েছেন, সেটা রীতিমতো আলোচনার দাবি রাখে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের আগে সৌদি আরবের প্রস্তুতি ক্যাম্পে ডাক পেয়েছিলেন ইতালি প্রবাসী এই ফুটবলার। প্রস্তুতি ম্যাচে করেছিলেন হ্যাটট্রিকও। কিন্তু ভারতের বিপক্ষে মূল ম্যাচের স্কোয়াডে তার জায়গা হয়নি। সেই রোষে রাস্তায় নেমে আসেন বাংলাদেশের ফুটবল সমর্থকেরা। কোচ হাভিয়ের কাবরেরাকে দাঁড় করান প্রশ্নের মুখে।

তবুও সেই যাত্রায় হামজা চৌধুরীর সাথে তার খেলা হয়নি। তবে এবার সুযোগ এসেছে ফাহামিদুলের সামনে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ৪ জুন ভুটানের বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ। এই দুই ম্যাচের জন্য গতকাল (বুধবার) ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। যেখানে হামজা চৌধুরী, শমিত সোমদের সাথে রাখা হয়েছে ফাহামিদুলকেও।

বিজ্ঞাপন

জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হচ্ছে আগামীকাল থেকে। এর আগেই ইতালির রোম থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন ফাহামিদুল। গতকাল সকাল ৮টা ২১ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। হামজার মতো বর্ণাঢ্য আয়োজন না থাকলেও তাকে বরণ করে নিতে ঢাকা বিমানবন্দরে উপস্থিত ছিলেন সমর্থকগোষ্ঠী ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’-এর সদস্যরা। ‘ওয়েলকাম টু মাদারল্যান্ড, ফাহামিদুল! ফাহামিদুল!’ বলে স্লোগানও তোলেন তারা। অবশ্য সমর্থকদের চেয়ে সংবাদকর্মীদের ভিড়ই ছিল বেশি।

সমর্থক আর মিডিয়াকর্মীদের সেসব নিবেদন ভুলে যাননি ফাহামিদুল। প্রথমবার ডাক পেয়েও বাদ পড়ার পর সমর্থকদের অকুণ্ঠ সমর্থন, মিডিয়াতে তাকে নিয়ে সংবাদপ্রচার; সবই মনে রেখেছেন এই ফরোয়ার্ড। গতকাল রাতে তাই বাফুফের ফেসবুক পেজে দেয়া এক ভিডিওর মাধ্যমে ফাহামিদুল জানালেন কৃতজ্ঞতা। কথাতেই বোঝা গেল, দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে তার আর তর সইছে না।

শেকড় বাংলাদেশের ফেনীতে। থাকেন ইতালিতে। তাই সেই রেকর্ড করা সেই ভিডিওতে ফাহামিদুলের বলা ইংরেজিতে থাকল ইতালিয়ান টান। ফুটবলার পরিচয়ে প্রথমবার দেশে এসে ফাহামিদুল বলেন, ‘হ্যালো সবাইকে, আমি ফাহামিদুল ইসলাম বলছি। এখানে আসতে পেরে খুবই খুশি। বাংলাদেশ দলের জার্সিটা গায়ে চাপিয়ে দেশের জন্য কিছু করার জন্য আর তর সইছে না। অমূল্য ভালোবাসার জন্য দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি। আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মিডিয়াকেও। আমাকে নিয়ে সবাই যেভাবে কথা বলেছে, সেটা তাদের জন্যই। আমি সত্যি কৃতজ্ঞ। খেলার জন্য মুখিয়ে আছি। ধন্যবাদ সবাইকে।’

আগামী ১০ জুন সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ। এর আগে ৪ জুন একই মাঠে খেলবে ভুটানের বিপক্ষে। ভুটান ম্যাচে হামজা-ফাহামিদুলকে একসাথে খেলতে দেখার সম্ভাবনা আছে। সেই ম্যাচে সুযোগ পেলে ফাহামিদুলও নিশ্চিত চাইবেন, নিজের সবটা দিয়ে দলের জন্য জয় ছিনিয়ে আনতে।

সারাবাংলা/জেটি