Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওয়ানডের মতো টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও বাংলাদেশের ধস

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫ ১৬:০৪ | আপডেট: ৩১ মে ২০২৫ ১৬:০৬

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের দশম অবস্থানে নেমে গেছে বাংলাদেশ

আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতে হারের পর পাকিস্তান সফরেও টানা দুই হারে সিরিজ খুইয়ে বসল বাংলাদেশ। টানা এই ব্যর্থতার মাশুল এবার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও দিলেন লিটন দাসরা। পাঁচ রেটিং পয়েন্ট হারিয়ে এক ধাপ নিচে নেমে এখন দশম অবস্থানে বাংলাদেশ।

কদিন আগে বার্ষিক হালনাগাদে ওয়ানডেতেও এক ধাপ অবনমনের পর দশে নেমে গেছে বাংলাদেশ। টেস্টেও অবস্থা ভালো নয়, বাংলাদেশের অবস্থান এখন ৯।

টানা চার ম্যাচে হারার আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২৫। এবারের হালনাগাদের পর রেটিং পয়েন্ট কমে হয়েছে ২২০। এতে ২২৩ পয়েন্ট নিয়েও বাংলাদেশকে টপকে নবম অবস্থানে উঠেছে আফগানিস্তান। ২০২ পয়েন্ট নিয়ে একাদশতম অবস্থানে আয়ারল্যান্ড।

বিজ্ঞাপন

এর আগে ২০১২ সালে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের চারে উঠেছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সেবার সিরিজ জয়ের পর ছাড়িয়ে গিয়েছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারতের মতো দলকে।

বর্তমান টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ২৭১ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ভারত। দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ২৬২। তিনে ইংল্যান্ড আছে ২৫৪ পয়েন্টে। চারে নিউজিল্যান্ড, পাঁচে ওয়েস্ট ইন্ডিজ। ছয়ে দক্ষিণ আফ্রিকা, সাতে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জেতা পাকিস্তান আটে।

সারাবাংলা/জেটি