Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নতুন নিয়মে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

স্পোর্টস ডেস্ক
৩১ মে ২০২৫ ১৭:৫০

আগামী ১৭ জুন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের শ্রীলংকা সিরিজ। গলে অনুষ্ঠেয় এই টেস্ট থেকেই বদলে যাচ্ছে কনকাশন সাবের নিয়ম। আইসিসি আসন্ন জুন থেকে টেস্টে, জুলাই থেকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে। ওয়ানডে-টি-টোয়েন্টিতেও বাংলাদেশ সিরিজ থেকেই কার্যকর হবে এই নিয়ম। কিন্তু ১১ জুন শুরু হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াবে পুরনো নিয়মেই।

নিয়মানুযায়ী কোনো ক্রিকেটার মাথায় আঘাত পেলে সেই ক্রিকেটারের জায়গায় তার প্লেইং রোলের কাউকেই খেলাতে হবে। যাকে বলা হয় লাইক ফর লাইক। অর্থাৎ কোনো ব্যাটার মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লে তার বদলি হিসেবে ব্যাটারকেই খেলাতে হবে। বোলারদের ক্ষেত্রেও তাই।

বিজ্ঞাপন

কিন্তু নতুন নিয়মানুযায়ী প্রতিটি দলকেই ম্যাচ শুরুর আগে সম্ভাব্য পাঁচজন বিকল্প ক্রিকেটারের নাম ম্যাচ রেফারির কাছে জমা দিতে হবে। যারা প্রয়োজন পড়লে কনকাশন সাব হিসেবে মাঠে নামতে পারবেন। এ তালিকায় রাখতে হবে একজন করে ব্যাটার, পেসার, স্পিনার, উইকেটকিপার ও অলরাউন্ডার। এই তালিকায় থাকা ক্রিকেটারদের যে কেউ পরিস্থিতি অনুযায়ী ম্যাচ রেফারির অনুমতি সাপেক্ষে মাঠে নামতে পারবেন।

এর সাথে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে দুই নতুন বল ব্যবহারের নিয়মেও বদল আনছে আইসিসি। বর্তমানে এক ম্যাচের দুই ইনিংসেই দুই প্রান্ত থেকে দুটি নতুন বলে খেলা হয়। পরিবর্তিত নিয়মে ইনিংসের প্রথম থেকে ৩৪তম ওভার পর্যন্ত দুটি নতুন বলেই খেলা হবে। কিন্তু শেষ ১৫ ওভার, অর্থাৎ ৩৫ থেকে ৫০ ওভার পর্যন্ত ফিল্ডিং দলকে দুটি বল থেকে একটি বেছে নিতে হবে।

সারাবাংলা/জেটি