Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানের বাংলাদেশ সফর, জানা গেল সূচি

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ১৫:১৪ | আপডেট: ১ জুন ২০২৫ ১৬:০১

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে বাংলাদেশ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তান সফরে আছে বাংলাদেশ। আজ (রবিবার) রাত বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরে শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এই সিরিজের পর ফিরতি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। বিসিবি সূত্রে জানা গেছে, আগামী ১৮ জুলাই বাংলাদেশে আসবে পাকিস্তান দল।

ইতোমধ্যে প্রাথমিক সূচিও চূড়ান্ত করেছে বিসিবি। পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে বিসিবি থেকে সেই সূচি বুঝেও পেয়েছে পিসিবি। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই সিরিজ অবশ্য ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)-এর অংশ নয়। চ্যাম্পিয়নস ট্রফি চলাকালীন বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে এই সিরিজের সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ সফর শেষ করে পাকিস্তান দল রওনা হবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। আগামী ৩১ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর খেলবে একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজও।

পাকিস্তান সফরের পর দেশে ফিরবে বাংলাদেশ দল। ঈদের ছুটি কাটিয়ে যোগ দেবে শ্রীলংকা সফরের প্রস্তুতি ক্যাম্পে। শ্রীলংকা সফর শেষে দেশে ফিরেই আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে লিটন দাস-নাজমুল হোসেন শান্তদের।

সারাবাংলা/জেটি