Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ভুল করা বাংলাদেশের রুটিন হয়ে গেছে’

স্পোর্টস ডেস্ক
১ জুন ২০২৫ ১৫:৪৪

এক ম্যাচ আগেই পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ

পাকিস্তান সফরে এক ম্যাচ আগেই বাংলাদেশের সিরিজ হার। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরেছে অসহায় আত্মসমপর্নের পর। আজ (রবিবার) রাত ৯টায় লাহোরে তৃতীয় ম্যাচে নামছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে। এর আগে সাবেক পাকিস্তানি ক্রিকেটার রমিজ রাজা বললেন, খেলার মাঠে ভুল করা যেন বাংলাদেশ দলের রুটিন হয়ে গেছে।

চলতি বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্যও দিচ্ছেন রমিজ রাজা। সেই হিসেবে এই সিরিজে বাংলাদেশ দলের মাঠের পারফরম্যান্স খুব কাছ থেকে দেখার সুযোগও তিনি পাচ্ছেন। তাই বাংলাদেশ দলের সাম্প্রতিক ক্রিকেটের ধরণ নিয়ে বেশ খোলামেলা সমালোচনাই তিনি করলেন নিজের ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

প্রথম দুই টি-টোয়েন্টিতেই বাংলাদেশের সামনে ২০২ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ম্যাচে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৬৪ রানে। আর দ্বিতীয় ম্যাচে সাকুল্যে করেছে ১৪৪ রান। ৭৭ রানে ৭ উইকেট হারানো বাংলাদেশ এই ভদ্রস্থ স্কোরটাও হয়তো জমা করতে পারত না, যদি না টেইলএন্ডার তানজিম হাসান সাকিব ৩১ বলে ৫০ রান করতেন।

গতকাল (শনিবার) নিজের ইউটিউব চ্যানেলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে আলোচনা করতে গিয়ে রমিজ বলেন,  ‘বাংলাদেশ দল প্রায় সব সময়ই এমন, প্রথম ম্যাচে ভুল করে, তারপর দ্বিতীয় ম্যাচে আরও বেশি ভুল করে এবং তৃতীয় ম্যাচে করে নতুন নতুন ভুল। ভুল করা যেন তাদের রুটিন হয়ে গেছে।’

টানা এমন ভুল করে যাওয়া দলের মানসিকতায় বিরূপ প্রভাব ফেলে বলে মনে করেন রমিজ। সাবেক এই পিসিবি চেয়ারম্যান আরও বলেন, ‘এই ভুলের ধারাবাহিকতা দলে নেতিবাচক মানসিকতা তৈরি করে। শুরু থেকেই মনে হয় যে জেতা যাবে না। এই ধারণা কোনো দলে ঢুকে গেলে তা থেকে ফিরে আসা খুব কঠিন হয়ে যায়।’

সারাবাংলা/জেটি