Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামজার চোখে তপু ‘জোকার’, মোরসালিন ‘স্টারবয়’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৪:৩৪ | আপডেট: ২ জুন ২০২৫ ১৪:৩৮

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল

দেশের জার্সিতে খেলতে এসে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে যে আলোড়ন তুলেছেন, সেটার প্রভাব ছড়িয়ে গেছে সুদূর কানাডা, ইতালিতেও। তার পথ ধরেই বাংলাদেশের হয়ে খেলতে আসছেন শমিত সোম, ফাহামিদুল ইসলামরা। আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ও ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ।

আসন্ন এই দুই ম্যাচে বাকিদের সাথে প্রবাসী ফুটবলারদেরও দেখা যাবে মাঠে। ফাহামিদুল দলের সাথে যোগ দিয়েছেন গত বুধবার, শমিত আসবেন ৪ জুন। হামজা এসে পৌঁছেছেন আজ (সোমবার) সকালে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে নরসিংদী, মুন্সিগঞ্জ-সহ ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে সমর্থকরা ভিড় জমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, উদ্দেশ্য হামজাকে এক নজর দেখা। আজ সকাল ১০টা ৩০ মিনিটে তার অবতরণ করার কথা থাকলেও ফ্লাইট বিলম্বের কারণে পৌঁছান ১০টা ৫৫ মিনিটে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল রাতে বাফুফের ফেসবুক পেইজ থেকে হামজার একটি ভিডিও পোস্ট করা হয়।যেখানে হামজার কাছে এক শব্দে জানতে চাওয়া হয় তার জাতীয় দলের সতীর্থদের নিয়ে। প্রথমেই জিজ্ঞেস করা হয় অধিনায়ক জামাল ভুঁইয়াকে নিয়ে। হামজার চোখে জামাল, ‘লিডার’। দীর্ঘ দিন ধরেই জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের হয়ে প্রথম খেলতে আসা এই প্রবাসী ফুটবলার।

ডিফেন্ডার তপু বর্মনের রসিকতা ও দলের সবাইকে মাতিয়ে রাখার গুণের জন্য তাকে হামজা মজা করেই বলেছেন, ‘জোকার’। মিডফিল্ডার মোহাম্মদ হৃদয়ের প্লেইং এবিলিটির জন্য তাকে হামজা দিয়েছেন, ‘টেকনিক্যাল’ খেতাব। তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন ‘স্টারবয়’। আরেক মিডফিল্ডার সোহেল রানা সিনিয়রের নাম শুনতেই হেসে হেসে হামজা বললেন ‘জোকার’।

প্রথমবার জাতীয় দলের হয়ে খেলতে এসে হামজা বেশ ভালোভাবেই মিশে গেছেন সতীর্থদের সাথে। প্রিমিয়ার লিগ খেলা প্রথম এই বাংলাদেশি ফুটবলারকেও ভালোভাবেই গ্রহণ করেছেন জামাল-তপু-মোরসালিনরা।

সারাবাংলা/জেটি