Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লিটনের সেঞ্চুরি মিস, ফিরলেন মুশফিকও

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৫ ১৮:২৪ | আপডেট: ১৮ জুন ২০২৫ ২১:৩৩

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে বাংলাদেশের দাপট চলছে ম্যাচের প্রথম দিন থেকে। গতকাল প্রথম দিনেই সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। আজ দ্বিতীয় দিনে সেই দাপটটা অব্যাহত রাখতে যোগ দিয়েছিলেন লিটন দাসও। দুর্দান্ত খেলতে থাকা লিটন দাস সেঞ্চুরির দিকেই এগুচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার ফিরেছেন সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে।

ডাবল সেঞ্চুরির দিকে এগুতে থাকা মুশফিকুর রহিমও ফিরেছেন লিটনের সঙ্গেই। দীর্ঘক্ষণ ধরে ক্রিজে থাকা মুশফিক-লিটন ফেরার পর টপাটপ আরও দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরে গেছেন জাকের আলি অনিক ও তাইজুল ইসলাম।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ৪৮৩। ১০ রানে ব্যাট করছেন স্পিনার নাঈম হাসান। তার সঙ্গে ক্রিজে আছেন পেসার হাসান মাহমুদ।

আজ বুধবার (১৮ জুন) গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সকাল সকাল নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। আগের দিন ১৩৬ রানে অপরাজিত ছিলেন শান্ত, মুশফিক অপরাজিত ছিলেন ১০৫ রান করে। আজ আর ১২ রান যোগ করেই ফিরেছেন শান্ত।

অভিষিক্ত আশিথা ফার্নান্দোর বলে মিড-অফে ক্যাচ দেওয়ার আগে ২৭৯ বল খেলে ১৫টি চার ১টি ছয়ে ১৪৮ রান করেছেন শান্ত। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন লিটন দাস। এই দুজনের ব্যাটে বাংলাদেশের ইনিংস যেভাবে এগুচ্ছিল ঠিক সেভাবেই এগুতে থাকে।

লিটন দ্রুত রান তুলছিলেন। আর মুশফিকুর রহিম নিজের সাবলীল ব্যাটিং অব্যাহত রেখে ডাবল সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন। কিন্তু দলীয় ৪৫৮ রানের মাথায় আউট হয়েছেন দুজনই।

আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়েছেন মুশফিক। রিভিউ নিয়েছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু আম্পায়ার্স কলের জন্য অল্পের জন্য রক্ষা হয়নি। ৩৫০ বল খেলে মাত্র ৯টি চারের সাহায্যে ১৬৩ রান করে ফিরেছেন মুশফিক। পরের ওভারেই ফিরেছেন লিটন। স্পিনার থারিন্দু রত্নানায়েকের বল রিভার্স সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন লিটন। ১২৩ বল খেলে ১১টি চার ১টি ছক্কার সাহায্যে ৯০ রান করে ফিরেছেন।

লিটন-মুশফিক পরপর ফেরার পর বড় দায়িত্ব ছিল জাকের আলি অনিকের কাঁধে। সম্প্রতি সময়ে শেষ দিকে নিয়মিত রান পাচ্ছিলেন জাকের। তবে আজ গলে ব্যর্থ হয়েছেন। রত্মানায়েকের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ১৬ বলে করেছেন ৮ রান। খানিক বাদি জাকেরে মতো তাইজুলকেও সরাসরি বোল্ড করেছেন রত্নানায়েকে। ৪৮৩ রানে অষ্টম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস