Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৯৫ রানে অলআউট বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৫ ১১:৩০ | আপডেট: ১৯ জুন ২০২৫ ১১:৪২

গতকাল শেষ বিকেলের ঝড়ে গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের পাঁচশ হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। আজ সেটাই সত্যি হলো। গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ৪৯৫ রানে।

গতকাল ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ক্রিজে ছিলেন দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা। কোনো রান যোগ করতে না পারা নাহিদকে ফিরিয়ে বাংলাদেশকে গুটিয়ে দিয়েছেন আশিথা ফার্নান্দো।

তবে এতে বাংলাদেশের অখুশি হওয়ার কারণ নেই। কারণ টেস্টের প্রথম ইনিংসে ৪৯৫ রানের স্কোর বিশাল স্কোরই।

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। গতকাল টেস্টের দ্বিতীয় দিনে মুশফিক তার সেঞ্চুরির ইনিংসটাকে নিয়ে গিয়েছিলেন ১৬৩ রান পর্যন্ত। রান উৎসবে সঙ্গে যোগ দিয়েছিলেন লিটন দাসও। যদিও দুর্ভাগ্যবশত সেঞ্চুরির আগ মুহূর্তে আউট হয়েছেন। ৯০ রান করে ফিরেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক।

বিজ্ঞাপন

গতকাল শেষ বিকেল মাত্র ২৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ফেলে দলীয় পাঁচশ হওয়া নিয়ে শঙ্কা তৈরি করেছিল বাংলাদেশ। আজ সেই শঙ্কা কাটিয়ে তুলতে পারেননি দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা।

হাসান ১৫ বলে ৭ রান করে বাংলাদেশকে পাঁচশর দিকেই নিয়ে যাচ্ছিলেন। কিন্তু নাহিদ রানা রানের খাতা খুলতেই পারেননি। শূন্য রানেই ফিরেছেন তরুণ গতি তারকা। শ্রীলংকার হয়ে ৪ উইকেট নিয়েছেন আশিথা ফার্নান্দো।

সারাবাংলা/এসএইচএস