Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মুশফিকের রান আউট আফসোস, সেঞ্চুরির পথে শান্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট
২১ জুন ২০২৫ ১১:৪৯ | আপডেট: ২১ জুন ২০২৫ ১৪:৩৬

গল টেস্টের চতুর্থ দিন শেষে গতকাল শ্রীলংকার পক্ষ থেকে বলা হয়েছিল আজ পঞ্চম দিনের প্রথম সেশনে বাংলাদেশকে গুটিয়ে দিয়ে ম্যাচ জয়ের ছক কষবে তারা। কিন্তু লংকানদের সেই চেষ্টা বুঝি আর সত্য হচ্ছে না। আজ পঞ্চম দিনে এখন পর্যন্ত বাংলাদেশের মাত্র একটা উইকেট পেয়েছে শ্রীলংকা।

বাংলাদেশের জন্য সেটা হতাশার। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে রান আউট হয়েছেন মুশফিকুর রহিম। অপর দিকে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দিকে এগুচ্ছেন। ৮৯ রানে অপরাজিত বাংলাদেশ অধিনায়ক। আর দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড ইতোমধ্যেই ২৪৭ রান। অর্থাৎ ভূতুড়ে কোনো ঘটনা না ঘটলে গল টেস্ট ড্র’ই হচ্ছে।

বিজ্ঞাপন

এই মুহূর্তে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগের বলে ব্যক্তিগত ৪৯ রানে রান আউট হয়েছেন মুশফিক।

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে আজ টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত অপরাজিত ছিলেন ৫৬ রানে, তার সঙ্গে ২২ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।

টেস্টের পঞ্চম দিনেও গলের পিচকে ব্যাটিংয়ের জন্য খুব কঠিন মনে হয়নি। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন প্রথম ইনিংসে দুটি বড় সেঞ্চুরি করা মুশফিক ও শান্ত। গতকাল শেষ বিকেলের মতো আজ সকালেও দারুণ ব্যাটিং করেছেন দুজন। কিন্তু হঠাৎই ভুল করে বসলেন মুশফিক।

ব্যক্তিগত ৪৯ রানে দাঁড়িয়ে মিড অনে ঠেলে সিঙ্গেলের জন্য দৌড় দিয়েছিলেন মুশফিক। কিন্তু রত্নানায়েকের সরাসরি থ্রোতে মুশফিক রান আউট। ১০২ বল খেলে ৪টি চারের সাহায্যে ৪৯ রানে থেমেছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার। তারপরই বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়।

প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসে ১৬৮ বল খেলে ৯টি চারের সাহায্যে ৮৯ রানে অপরাজিত আছেন।

সারাবাংলা/এসএইচএস