Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮ উইকেটে ২২০ রান তুলে প্রথম দিন শেষ করল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৯:৪০ | আপডেট: ২৫ জুন ২০২৫ ২৩:২০

শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে রানের বন্যা বইয়ে দিয়েছিলেন বাংলাদেশি ব্যাটাররা। কলম্বো টেস্টে আরও ভালো খেলার প্রত্যাশার কথা জানিয়েছিলেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। কিন্তু আরও ভালো নয়, উল্টো খারাপ হলো ব্যাটিং। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২২০ রান তুলে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে খেলা বন্ধ থেকেছে অনেকটা সময়। প্রথম দিনে খেলা হয়েছে ৭১ ওভার। এই সময়ে বাংলাদেশের কোনো ব্যাটাররই বড় স্কোর গড়তে পারেননি। ৪৬ রান করা সাদমান ইসলামই বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ স্কোরার।

বুধবার (২৫ জুন) কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ইনিংসের শুরুতে এনামুল হক বিজয় আজও হতাশ করেছেন। গল টেস্টের দুই ইনিংসের মতো আজও বাজেভাবে আউট হয়েছেন শূন্য রানে।

বিজ্ঞাপন

দ্বিতীয় উইকেট জুটিতে মুমিনুল হকের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেছেন সাদমান ইসলাম অনিক। মুমিনুল বড় স্কোর গড়তে পারেননি। ৩৯ বলে ২১ রান করে ফিরেছেন। গল টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কলম্বোর প্রথম ইনিংসে ব্যর্থ। আউট হয়েছেন ৮ রান করে।

খানিক বাদে সাদমান ইসলাম অনিকও ফিরলে ৭৪ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৯৩ রানে ৭টি চারে ৪৬ রান করা সাদমান ফিরেছেন ক্যাচ আউট হয়ে।

এরপর মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ সবাই উইকেট সেট হয়েছেন কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ সবাই। ৫৬ বল খেলে ২টি চার ১টি ছক্কার সাহায্যে ৩৪ রান করা লিটন উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজকে নিয়ে বেশ ভালোই আগাচ্ছিলেন। কিন্তু হুট করে স্লগ সুইপ খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ৩৫ রানে।

এক টেস্ট পর একাদশে ফেরা মেহেদি হাসান মিরাজ ৪২ বলে ৩ চারে ৩১ রান করে আউট হয়েছেন। শেষ বিকেলে লোয়ার অর্ডার ব্যাটারদের নিয়ে বেশ ভালোই ব্যাটিং করছিলেন স্পিনার নাঈম হাসান। দিনের খেলা শেষ হওয়ার আগমুহূর্তে আসিথা ফার্নান্দোর বলে সরাসরি বোল্ড হয়েছেন ৫১ বলে ২৫ রান করে।

দিন শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ২২০। শ্রীলংকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো ও সোনাল দিনুশা।

সারাবাংলা/এসএইচএস