Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে কি ভাবছে বিসিবি

স্পোর্টস করেসপেন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ১৬:১৪ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৭:০৯

কদিন ধরেই শোনা যাচ্ছিল বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার কথা ভাবছেন নাজমুল হোসেন শান্ত। তাকে বাদ দিয়ে মেহেদি হাসান মিরাজকে ওয়ানডে দলের নেতৃত্বভার দেওয়ার পর থেকেই শান্তর এমন চিন্তার কথা শোনা গেছে। শেষ পর্যন্ত সেই চিন্তারই বাস্তবায়ন হয়েছে। শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্ট শেষে বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন শান্ত।

তিন ফরম্যাটে তিন অধিনায়ক বিষয়টি দলের জন্য ভালো হবে না, তাই নিজে থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এমন কথা বলেছেন শান্ত। উল্লেখ্য, এর আগে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন লিটন দাস, ওয়ানডে দলের মেহেদি হাসান মিরাজ।

শান্তর এভাবে সরে দাঁড়ানোটা কিভাবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)? বিসিবির ক্রিকেট অপারেমশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, শান্ত আজই হুট করে টেস্টের নেতৃত্ব ছাড়বেন সেটা জানত না বোর্ড। বোর্ডের প্রত্যাশা ছিল নেতৃত্ব ছাড়ার বিষয়ে আরও আলোচনা করবেন শান্ত।

বিজ্ঞাপন

নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, ‘আমরা জানতাম না ও আজই সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়া ঘোষণা দেবে। এরকম কোনো কথা হয়নি। তবে আপনারাও জানেন, এ নিয়ে একটা আলোচনা চলছিল। আমরা যদিও ভেবেছিলাম এ নিয়ে আরও কথা হবে। শ্রীলঙ্কায় এখনও ওয়ানডে, টি–টোয়েন্টি সিরিজ আছে। যা হওয়ার এই সফরের পর হবে। আজই সিদ্ধান্ত জানাবে এটা আশা করিনি।’

শান্ত বলেছেন, তিন ফরম্যাটে তিন অধিনায়ক হলে দলের পরিকল্পনা সাজানো কঠিন, দল পরিচালনা কঠিন। মূলত সেই কারণেই তিনি টেস্ট নেতৃত্ব থেকে সড়ে দাঁড়িয়েছেন।

নাজমুল আবেদীন ফাহিম বলেছেন, শান্ত ভালো একজন অধিনায়ক ছিলেন, ‘আমরা আশা করেছিলাম এটা নিয়ে ও আমাদের সঙ্গে আরও কথা বলবে। তার নেতৃত্বগুণ নিয়ে কোনো সংশয় নেই, সে ভালো অধিনায়ক। তারপরও তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি আমি সম্মান জানাই।’

শান্ত যে মানের অধিনায়ক তাতে তিনি আবারও জাতীয় দলের অধিনায়ক হিসেবে ফিরবেন প্রত্যাশা নাজমুল আবেদীনের। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আমার বিশ্বাস সে আবার একদিন বাংলাদেশ দলের অধিনায়ক হবে। সে কোয়ালিটি তার মধ্যে আছে।’

সারাবাংলা/এসএইচএস