Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সাকিবকে দলে নিতে চেয়েছি কিন্তু নিতে পারিনি’

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ২০:২৮

গ্লোবাল সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের জন্য সাকিব আল হাসানকে দলে নিতে চেয়েছিলেন কিন্তু নিতে পারেনি, এমনটা বলেছেন রংপুর রাইডর্সের টিম ডিরেক্টর টিম ডিরেক্টর শানিয়ান তানিম। তবে সাকিবকে দলে নিতে কোনো পক্ষ থেকে যে চাপ প্রয়োগ করা হয়নি তেমন কথাও বলেছেন তিনি।

আগামী ১০ থেকে ১৮ জুলাই অনুষ্ঠিত হবে এবারের গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। গত ২০ জুন জিএসএলের জন্য স্কোয়াড ঘোষণা করেছে রংপুর।

সাকিব আল হাসান সর্বশেষ বিপিএলে রংপুরের হয়ে খেলেছেন। সে হিসেবে রংপুরের হয়ে সাকিবের জিএসএল খেলার কথা। কিন্তু গত টুর্নামেন্টের মতো এবারও সাকিবকে স্কোয়াডে রাখেনি রংপুর রাইডার্স।

বিজ্ঞাপন

এ বিষয়ে রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেন, ‘বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি দলের অন্যতম মূল্যবান ক্রিকেটার হতে পারে। আমরা তাকে দলে নিতে চাইনি—এমন নয়। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই জানি। এই পরিস্থিতির কারণে আমরা নিতে পারিনি।’

সাকিবকে দলে না নেওয়ার জন্য কোনো পক্ষ থেকে চাপ প্রয়োগ করা হয়েছে কিনা এমন প্রশ্নে শানিয়ান তানিম বলেন, ‘সাকিবকে নেওয়া যাবে কি না, এ বিষয়ে কেউ কোনো ইনস্ট্রাকশন দেয়নি। সিদ্ধান্তটি সম্পূর্ণ ম্যানেজমেন্টের। এখন দেশের যা পরিস্থিতি, তাতে আমরা জানি না সাকিবকে নেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে। সাকিবও পরিস্থিতি সম্পর্কে জানে।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন সাকিব। শেখ হাসিনার সরকার পতনের পর থেকে দেশে ফেরেননি সাকিব।

সাকিব প্রসঙ্গে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘আমি শুধু ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি। সব সময় চাইব ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে। তাঁর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা আমার জন্য গর্বের। সাকিব যে দলেই থাকুক না কেন, (সেই দল) অনেক লাভবান হবে। সেটা বাংলাদেশ অনেক বছর ধরেই হয়ে এসেছে। ক্রিকেটার সাকিব আল হাসানকে অবহেলা করার সুযোগ নেই।’

সারাবাংলা/এসএইচএস