Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোমাঞ্চকর জয়ে সিরিজের সমতা ফেরাল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ২৩:০১ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ০১:৪৬

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয়ের সুযোগ পেয়েও জিততে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে এসে সেই আক্ষেপটা ঘুচল চমৎকারভাবে। তরুণ স্পিনার তানভীর ইসলামের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ।

আগে ব্যাটিং করে ২৪৮ রান তুলেছিল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে শ্রীলংকা গুটিয়ে গিয়েছিল ২৪৪ রানে আর বাংলাদেশ ১৬৭ রানে। সে হিসেবে মনে করা হচ্ছিল ২৪৮ রানের টার্গেট ছোট স্কোর নয়। দিন শেষে সেটাই প্রমাণ হয়েছে। দুর্দান্ত বোলিংয়ে শ্রীলংকাকে ২৩২ রানে গুটিয়ে দিয়ে ১৬ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ।

এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ তে সমতায় ফিরেছে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৮ জুলাই।

বিজ্ঞাপন

শনিবার (৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ২৪৮ রানের পুঁজি নিয়ে বোলিং করতে নেমে শুরুতেই উইকেট পেয়েছে বাংলাদেশ। ৮ বলে ৫ রান করা পাথুম নিশাঙ্কাকে ফেরান তানজিম হাসান সাকিব। তবে দ্বিতীয় উইকেটে দারুণ একটা জুটি গড়েন ওপেনার নিশান মাদুস্কা ও কুশাল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে ৬৯ রান তোলেন দুজন।

এরপর থেকে তানভীরের স্পিন ভেল্কি শুরু। ওপেনার নিশান মাদুস্কাকে (১৭) তাওহিদ হৃদয়ের ক্যাচ বানান তানভীর। খানিক বাদে কুশল মেন্ডিসকেও ফিরিয়ে ম্যাচের মোর ঘুরিয়ে দেন তানভীর। ফেরার আগে মাত্র ৩১ বলে ৯টি চার ১টি ছয়ে ৫৬ রান করেন মেন্ডিস।

শ্রীলংকার দলীয় রান যখন ৯৯ তখন পার্ট টাইম স্পিনার শামীম হোসেন পাটোয়ারী লংকান দলপতি চারিথ আশালাঙ্কাকে (৬) ফেরালে বড় চাপে পরে যায় শ্রীলংকা। জিনাথ লিয়ানাগে এরপর একা লড়াই করেছেন শ্রীলংকাকে টেনে তোলার জন্য। কিন্তু তানভীর ইসলামের ঘুর্ণির বিপক্ষে সেটা আর করতে পারেননি।

দলের নবম ব্যাটার হিসেবে ফেরার আগে ৮৫ বলে ৭টি চার ২টি ছয়ে ৭৮ রান করেন লিয়ানগে। ৪৮.৫ ওভারে ২৩২ রানে গুটিয়ে গেছে শ্রীলংকা। তানভীর ইসলাম ৩৯ রানে ৫ উইকেট নিয়েছেন। তানজিম হাসান সাকিব ৩৪ রানে নিয়েছেন ২ উইকেট।

এর আগে পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ব্যাটে আড়াইশর কাছাকাছি স্কোর গড়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই উইকেট হারিয়েছে। আগের ম্যাচে দারুণ একটা ইনিংস খেলা তরুণ ওপেনার তামিম আজ ১১ বলে ৭ রান করে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন।

তিনে নামা নাজমুল হোসেন শান্তও সুবিধা করতে পারেননি। ১৯ বলে ২টি চারে ১৪ রান করে ফিরেছেন। তবে আরেক তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন আজ দারুণ একটা ইনিংস খেলেছেন। পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয় মিলে বাংলাদেশকে বেশ ভালোই টানছিলেন।

তবে পারভেজ ইমন ও অধিনায়ক মেহেদি হাসান মিরাজ পরপর ফিরলে চাপে পরে বাংলাদেশ। ওয়েনিন্দু হাসারাঙ্গার গুগলিতে পরাস্ত হয়ে সরাসরি বোল্ড হওয়ার আগে ৬৯ বলে ৬৭ রান করেছেন ইমন। তরুণ ওপেনারের ইনিংসে চার ৬টি, ছক্কা ৩টি। অধিনায়ক মিরাজ চামিরার বলে সীমানায় ধরা পরেছেন ১০ বলে ৯ রান করে।

এরপর শামীম পাটোয়ারী ও জাকের আলী অনিককে নিয়ে ছোট ছোট দুটি জুটি গড়েছেন তাওহিদ হৃদয়। লিটন দাসের জায়গায় সুযোগ পাওয়া শামীম সেট হয়ে ফিরেছেন ২৩ বলে ২২ রান করে। নিয়মিত উইকেট পরার কারণে জাকের আলী অনিক ক্রিজে পরে থাকতে চেয়েছেন। আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হওয়ার আগে ফিরেছেন ৪০ বলে ২৪ রান করে।

এরপর দারুণ খেলতে থাকা তাওহিদ হৃদয় পেসার হাসান মাহমুদের ভুল কলে রান আউট হয়েছেন। ৬৯ বলে মাত্র ২টি চারের সাহায্যে ৫১ রান করে ফিরেছেন হৃদয়। নবম  ব্যাটার হিসেবে হাসান মাহমুদ যখন ফিরলেন বাংলাদেশ তখন ২১৮। সেখান থেকে আড়াইশর কাছাকাছি নিয়ে গেছেন পেসার তানজিম হাসান সাকিব।

শেষ ব্যাটার মোস্তাফিজুর রহমানকে নিয়ে দশম উইকেট জুটিতে ৩০ রান তুলেছেন সাকিব। তার মধ্যে সাকিব একাই করেছেন ২৯ রান। ২১ বলে ৩৩ রান করার পথে ২টি করে চার-ছয় মেরেছেন তানজিদ সাকিব। বাংলাদেশ ৪৫.৫ ওভারে গুটিয়ে গেছে ২৪৮ রানে।

শ্রীলংকার হয়ে আসিথা ফের্নান্দো ৪ উইকেট ও হাসারাঙ্গা ৩ উইকেট নিয়েছেন।

সারাবাংলা/এসএইচএস