Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিপিএল নিলাম: প্রথম ডাকে অবিক্রিত মাহমুদউল্লাহ-মুশফিক

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১৮:৩৫

রাজধানীর একটি হোটেলে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম। নিলামে প্রথম ডাকে অবিক্রিত দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

‘এ’ ক্যাটাগরির ডাক শেষে ‘বি’ ক্যাটাগরিতে সবার আগে তোলে হয় মাহমুদউল্লাহ রিয়াদের নাম। কিন্তু বিপিএলের ছয় দলের একদলও আগ্রহ দেখায়নি মাহমুদউল্লাহকে নিয়ে। একই ক্যাটাগরিতে আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের নাম তোলা হলেও তাকে নিয়েও আগ্রহ দেখায়নি কেউ। ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা।

তবে অবিক্রিত থাকলেও মাহমুদউল্লাহ-মুশফিকদের দল পাওয়ার সম্ভবনা শেষ হয়ে যায়নি। অবিক্রিত ক্রিকেটারদের আবারও নিলামে তোলা হবে। তবে তখন ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের তোলা হবে ‘সি’ ক্যাটাগরিতে।

বিজ্ঞাপন

এদিকে মোটা অঙ্কের দাম পেয়েছেন নাঈম শেখ। লিটন দাসের সঙ্গে ‘এ’ ক্যাটাগরিতে নিলামে ছিল তার নাম। নিলামের প্রথমে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে নাম উঠে নাঈম শেখের। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ টাকা। শুরুতে তার প্রতি আগ্রহ দেখায় সিলেট টাইটান্স। এরপর নোয়াখালী এক্সপ্রেস, রংপুর রাইডার্স ও চট্টগ্রাম রয়্যালস নাঈমকে দলে ভেড়াতে ডাকেন। শেষ পর্যন্ত ১ কোটি ২০ লাখ টাকায় নাঈমকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস।

গত বিপিএলে ১৪৪ স্ট্রাইক রেটে ৫১১ রান করেছিলেন নাঈম, টুর্নামেন্টে যা ছিল সর্বোচ্চ রানের রেকর্ড। দ্বিতীয় ডাকে উঠে লিটন দাসের নাম। লিটনের ভিত্তিমূল্যও ছিল ৫০ লাখ টাকা। রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্সের মধ্যে লড়াইয়ের পর লিটনকে ৭৫ লাখ টাকায় কিনেছে রংপুর।

বেশ কয়েক বছর পর অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের নিলাম। টুর্নামেন্টের প্রথম দুই আসর অবশ্য নিলামই হয়েছিল। তবে তৃতীয় আসর থেকে প্লেয়ার ড্রাফটের পদ্ধতিতে হাঁটে বিসিবি। সেক্ষেত্রে পছন্দের খেলোয়াড় কেনার বিষয়টি নির্ভর করত অনেকটা ভাগ্যের ওপর।

একদশ বিপিএল পর্যন্ত চলেছে সেই ড্রাফট পদ্ধতি। এবার আবারও ফিরেছে নিলাম পদ্ধতি। এতে একজন খেলোয়াড়কে কেনার সুযোগ থাকবে সব ক্লাবের। প্লেয়ারকে সেই দলই পাবে সে টাকার অঙ্কটা বেশি হাঁকাতে পারবে।

নিলামের আগেই দলগুলো অবশ্য একাধিক ক্রিকেটারের সঙ্গে চুক্তি সেরেছেন। নিয়ম অনুযায়ী নিলামের বাইরে মোট চারজন ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই সুযোগ নিয়ে মোট ২৩ জন ক্রিকেটারের সঙ্গে আগেই চুক্তি করে ফেলেছে দলগুলো।

 সবকিছু ঠিক থাকলে এবারের বিপিএল মাঠে গড়ানোর কথা ২৬ ডিসেম্বর। আজ নিলামে জায়গা পেয়েছেন মোট ৪১৫ জন ক্রিকেটার। তাদের মধ্যে স্থানীয় খেলোয়াড় ১৫৮ জন, বিদেশি ২৫৭ জন। সবমিলিয়ে অন্তত ৮৪ জন ক্রিকেটার দল পাবেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর