Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ / সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৯:৫৬ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ২০:৫৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে দারুণ জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে আজ ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের যুবারা। অভিষেক ম্যাচেই জোড়া গোল করে নায়ক বনে গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান।

ম্যাচের শুরুটা অবশ্য বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক ছিল না। প্রথমার্ধে আক্রমণে সমন্বয়ের ঘাটতি স্পষ্ট ছিল, ফলে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি দল। ফরোয়ার্ডদের মধ্যে বোঝাপড়ার অভাব চোখে পড়েছে, যার কারণে গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয়।

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৪ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন সুলিভান। দূরপাল্লার শটে পাকিস্তানের গোলরক্ষককে পরাস্ত করে নিজের অভিষেকেই জানান দেন তার সামর্থ্যের কথা। এরপর ৬৭ মিনিটে শেখ সংগ্রামের ক্রস থেকে হেডে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে ম্যাচের ৫৬ মিনিটে নিশ্চিত সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন মোরশেদ আলী। অন্যদিকে ৬১ মিনিটে পাকিস্তান একটি গোল পেলেও ফাউলের কারণে তা বাতিল করে দেন রেফারি। পুরো ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগও ছিল দৃঢ়; গোলরক্ষক ইসমাইল হোসেন কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে এগিয়ে রাখেন।

প্রথমার্ধে বাংলাদেশ একাধিক সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে না পারায় ম্যাচ জমে উঠেছিল। নাজমুল হুদা ও মোহাম্মদ মানিকের শটগুলো লক্ষ্যভ্রষ্ট হওয়ায় হতাশা বাড়ে। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে গোল আদায় করে বাংলাদেশ।

এই জয়ে তিন পয়েন্ট পেয়ে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত অনূর্ধ্ব-২০ ফুটবল দল।

উল্লেখ্য, সাত দলের এই প্রতিযোগিতায় দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে ফাইনাল। বাংলাদেশ এর আগে ২০২৪ সালে এই আসরে শিরোপা জিতেছিল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর