Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত হচ্ছেন তানজিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৩:০৩

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের আগে স্বস্তির খবর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে। ইনজুরির কারণে গত পাকিস্তান সিরিজে অনুপস্থিত থাকা পেস বোলিং অলরাউন্ডার তানজিম হাসান সাকিব দ্রুত সুস্থ হয়ে উঠছেন। নিউজিল্যান্ড সিরিজের জন্য সাকিব পুরোপুরি প্রস্তুত থাকবেন বলে মনে করা হচ্ছে।

পিঠের চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)-এর ওয়ানডে টুর্নামেন্ট ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ মিস করেছিলেন সাকিব। দীর্ঘ পুনর্বাসন শেষে এখন বিসিবির একাডেমিতে নিয়মিত নেটে বোলিং শুরু করেছেন। বর্তমানে ৭০ থেকে ৮০ শতাংশ গতিতে বল করলেও সাকিব জানিয়েছেন, আরও কয়েকটি সেশনের মধ্যেই তিনি শতভাগ ফিট হয়ে উঠবেন বলে আশাবাদী।

বিজ্ঞাপন

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ ১৭ ও ২০ এপ্রিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, আর শেষ ম্যাচটি ২৩ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ, আর ২ মে ঢাকায় হবে শেষ টি-টোয়েন্টি। ২০২৭ সালের বিশ্বকাপের সরাসরি জায়গা করে নিতে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আত্মবিশ্বাসে রয়েছে টাইগাররা। বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নবম স্থানে থাকা বাংলাদেশ এই সিরিজে ভালো ফল করলে অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ পাবে। বিশেষ করে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করতে পারলে পয়েন্ট ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সারাবাংলা/এসএইচএস