Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ০২:৩৪ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১১:৪৩

বাংলাদেশ সফরকে সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার, একই সঙ্গে নতুন কয়েকজন ক্রিকেটারও সুযোগ পেয়েছেন এই সফরের দলে।

পিঠের ইনজুরি কাটিয়ে ওয়ানডে দলে ফিরেছেন উইল ও’রুর্ক। শিন ইনজুরি থেকে সেরে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ম্যাট ফিশার। আর গোড়ালির চোট কাটিয়ে দুই সংস্করণের দলেই জায়গা করে নিয়েছেন ব্লেয়ার টিকনার। এই তিন বোলারের প্রত্যাবর্তনে সন্তুষ্ট প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে শক্তিশালী বোলিং আক্রমণ গড়ে তুলতে স্কোয়াডের গভীরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই তিনজনের ফেরা দলকে বাড়তি শক্তি দেবে।

বিজ্ঞাপন

দলে চমক হিসেবে প্রায় দুই বছর পর সাদা বলের ক্রিকেটে সুযোগ পেয়েছেন অফ স্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। ঘরোয়া ক্রিকেটে ফোর্ড ট্রফি-তে সেন্ট্রাল স্ট্যাগসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কাড়েন তিনি।

এছাড়া শ্রীলঙ্কা সফরে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে খেলা মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক ও বেন সিয়ার্স সুযোগ পেয়েছেন মূল দলে। এর মধ্যে ক্লার্ক গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে সিরিজে ৭ উইকেট নিয়ে আলোচনায় আসেন।

অধিনায়কত্বেও রয়েছে পরিবর্তন। নিয়মিত সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলায় বাংলাদেশ সফরে থাকছেন না। তার অনুপস্থিতিতে অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার টম ল্যাথাম কিউইদের নেতৃত্ব দেবেন।

আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে। সফরে তারা বাংলাদেশের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

নিউজিল্যান্ড ওয়ানডে দল: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেইডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), কাটেনে ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর