Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ান কাপ বাছাই পর্ব / প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৯:৪০

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের নিজেদের শেষ ম্যাচে প্রথমার্ধ শেষে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিরতির আগে ১-০ গোলে এগিয়ে আছে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলছে বাংলাদেশ। বল দখল ও আক্রমণে সমানতালে লড়াই করে লাল-সবুজরা। সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ তৈরি হয়, তবে ডান প্রান্ত থেকে ফাহমিদুলের ক্রস ফয়সাল আহমেদ ফাহিমের কাছে পৌঁছানোর আগেই ক্লিয়ার করে দেন সিঙ্গাপুরের ডিফেন্ডার।

১৫ মিনিটে আবারও সুযোগ পায় বাংলাদেশ। সাদ উদ্দিনের ক্রসে সমিত সোমের হেড লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়। এরই মধ্যে সিঙ্গাপুরও পাল্টা আক্রমণ শুরু করে এবং ১৮ মিনিটে হ্যারিস স্টুয়ার্টের শট শরীর দিয়ে ঠেকিয়ে দেন হামজা চৌধুরী।

বিজ্ঞাপন

পরের মিনিটেই বড় বিপদ সামাল দেন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মারমা। ইরফান ফান্দির জোরালো শট তিনি দারুণভাবে ফিরিয়ে দেন। ফিরতি বল থেকেও আক্রমণের চেষ্টা চালায় স্বাগতিকরা, তবে বাংলাদেশের রক্ষণভাগ সেটি প্রতিহত করে।

ম্যাচের ২৪ মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করেন সোহেল রানা, কিন্তু বল ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ৩১ মিনিটে ফাহিমের শটও লক্ষ্যে ছিল না।

এরপর ৩২ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যায় সিঙ্গাপুর। মাঝমাঠ থেকে বল পেয়ে এগিয়ে আসা গ্লেন কিউহর শট মিতুল মারমা ঠেকালেও ফিরতি বলে হ্যারিস স্টুয়ার্ট জালে পাঠিয়ে দলকে ১-০তে লিড এনে দেন।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা বাড়ায় বাংলাদেশ। ৩৯ মিনিটে আসে বড় সুযোগ। বাঁ প্রান্ত থেকে আক্রমণে ফাহিমকে থামানো হলেও বল পেয়ে শট নেন মোরছালিন, যা প্রতিপক্ষের ডিফেন্ডার ব্লক করেন। পরে ফাহিম বলের নাগাল পেতে গেলে ডিফেন্ডারের বাধায় পড়ে যান, এতে পেনাল্টির জোরালো দাবি তোলে বাংলাদেশ। তবে রেফারি তাতে সাড়া দেননি।

শেষ পর্যন্ত একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়েই বিরতিতে যেতে হয়েছে দলকে।

সারাবাংলা/এসএইচএস