Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুক্তির মেয়াদ শেষ হলো লিপুর

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ২৩:১৮ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ০৩:২৫

বাংলাদেশ ক্রিকেটে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটালেন গাজী আশরাফ হোসেন লিপু। জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্বের মেয়াদ শেষ লিপুর, এবার তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে সিরিজ জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজই ছিল প্রধান নির্বাচক হিসেবে লিপুর শেষ অ্যাসাইনমেন্ট।

সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে বিদায় নেন তিনি। পুরো বিদায়পর্বটি ছিল সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন। দেশের ক্রিকেটে এমন সম্মানজনক বিদায় খুব কমই দেখা যায়।

বিজ্ঞাপন

বিদায়ের আগে ক্রিকেটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শও দেন সাবেক এই অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দীর্ঘ সময় ধরে ঘরোয়া ক্রিকেট উন্নয়নেও কাজ করেছেন তিনি।

বিসিবির পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফীস। তবে কবে এবং কীভাবে এই সম্মাননা প্রদান করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, ঘরের মাঠে আসন্ন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ ২০২৬-এর আগে বা পরে এই আয়োজন করা হতে পারে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন লিপু। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে তার জায়গায় নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। তার সঙ্গে সহকারী নির্বাচক হিসেবে যুক্ত হয়েছেন নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী।

সারাবাংলা/এসএইচএস