Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিন স্তর থেকে প্রতিনিধি আহ্বান কোয়াবের

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৮:২৬

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) ঢাকা লিগ ঘিরে চলমান অচলাবস্থার মধ্যে নতুন একটি সাংগঠনিক উদ্যোগ নিয়েছে। দেশের ঘরোয়া ক্রিকেটের তিনটি স্তর—প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে প্রতিনিধি আহ্বানের প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি জানান, প্রথম বিভাগ থেকে দুজন এবং দ্বিতীয় ও তৃতীয় বিভাগ থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত করা হবে। সংশ্লিষ্ট বিভাগের খেলোয়াড়দের সরাসরি ভোটের মাধ্যমে এই প্রতিনিধিরা নির্বাচিত হবেন এবং পুরো প্রক্রিয়াটি খেলোয়াড়রাই পরিচালনা করবেন। বর্তমান পরিস্থিতিকে এই উদ্যোগের জন্য উপযুক্ত সময় হিসেবে দেখছেন মিঠুন।

বিজ্ঞাপন

মিঠুন বলেন, ‘ঢাকা লিগ আমাদের খেলোয়াড়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা আমাদের মূল উপার্জনের একটা জায়গা। এখানে সবচেয়ে বেশি সংখ্যক খেলোয়াড় আর্থিকভাবে উপকৃত হয়। এই লিগ বন্ধ হওয়াতে প্রতিটি খেলোয়াড় অনেক কষ্টে দিনাতিপাত করছে। বিষয়টি আমাদের নজরে আছে।’

যত দ্রুত সম্ভব ক্রিকেট মাঠে ফেরানোর চেষ্টা করে যাচ্ছে কোয়াব বলেছেন মিঠুন। তিনি বলেন, ‘খেলোয়াড়দের পক্ষ থেকে আমরা বিসিবি এবং সিসিডিএমের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছি। লিগটাকে দ্রুত মাঠে গড়ানোর বিষয়ে আমাদের চেষ্টার কমতি নেই। আমরা অতি দ্রুত সমাধান আনার চেষ্টা করছি।’

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ঢাকার বেশিরভাগ ক্লাবগুলো মধ্যে দ্বন্দ্বে দেশের ঘরোয়া ক্রিকেট স্থবির হয়ে আছে। বিসিবির গত নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ক্লাবগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে এই বোর্ডের অধিনে তারা কোনো ক্রিকেট খেলবেন না। যাতে শীর্ষ লিগগুলো মাঠে গড়ানো নিয়ে বড় ধরনের বাঁধা সৃষ্টি হয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ এখনো শুরু হয়নি।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর