Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ফুলেল শুভেচ্ছা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৬ ১৭:২৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৯:৪৮

ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দল।

ঢাকা: চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমসে অভাবনীয় সাফল্য অর্জন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নারী কাবাডি দল। গেমসে ব্রোঞ্জ পদক জয়ের মাধ্যমে লাল-সবুজের পতাকাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করা এ বীরকন্যাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে নারী কাবাডি দলটি বিমানবন্দরে পৌঁছালে সেখানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মো. আলী হোসেন ফকির খেলোয়াড়দের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘আমাদের মেয়েরা বিদেশের মাটিতে যে লড়াকু মানসিকতা দেখিয়েছে, তা পুরো জাতির জন্য গর্বের। এ ব্রোঞ্জ পদক কেবল একটি পদক নয়, এটি কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি মমত্ববোধের প্রতিফলন। আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব।’

বিজ্ঞাপন

চীন থেকে দলের সঙ্গে ফিরেছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। বিমানবন্দরে আয়োজিত এ অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব মাহবুবুর রহমান শাহীন ও এম এ কুদ্দুস খান, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন সহ কাবাডি ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

এশিয়ান বিচ গেমসের এবারের আসরে বাংলাদেশ নারী কাবাডি দল শুরু থেকেই আক্রমণাত্মক এবং কৌশলী খেলা উপহার দিয়েছে। সাফল্যের আনন্দ নিয়ে দেশে ফেরা নারী দলের অধিনায়ক শ্রাবণী মল্লিক জানান, এ পদক তাদের আগামী দিনের লক্ষ্য পূরণে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে আরও ভালো কিছুর লক্ষ্য নিয়ে তারা মাঠে নামবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

সারাবাংলা/ইউজে/ এএ
বিজ্ঞাপন

আরো