Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন পিএসজি

ফ্রান্স থেকে মো. নজমুল হক
৩১ মে ২০২৬ ১৪:৫৮ | আপডেট: ৩১ মে ২০২৬ ১৭:৪৮

শিরোপা নিয়ে উল্লাস চ্যাম্পিয়ন পিএসজি’র।

ফ্রান্স: ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসর চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। শ্বাসরুদ্ধকর ফাইনালে আর্সেনাল এফসি-কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে ফরাসি জায়ান্টরা।

শনিবার (৩০ মে) বুদাপেস্টে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ সামলে আরও নিখুঁত পারফরম্যান্স দেখিয়ে জয় নিশ্চিত করে পিএসজি।

গত মৌসুমে ইন্টার মিলানকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল পিএসজি। তবে এবার শিরোপা ধরে রাখার পথে তাদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। ফাইনালে আর্সেনাল শুরু থেকেই দারুণ প্রতিরোধ গড়ে তোলে এবং শেষ পর্যন্ত ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে ভাগ্য সহায় হয়নি ইংলিশ ক্লাবটির।

বিজ্ঞাপন

ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেও শিরোপার স্বপ্ন পূরণ করতে পারেনি আর্সেনাল। ফলে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

এই জয়ের মাধ্যমে ১৯৯২ সালে প্রতিযোগিতাটির নাম পরিবর্তনের পর টানা দুই মৌসুমে শিরোপা জেতা দ্বিতীয় দল হিসেবে ইতিহাস গড়েছে পিএসজি। এর আগে এই কীর্তি গড়েছিল রিয়াল মাদ্রিদ সিএফ।

এ ছাড়া, ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগের সম্মিলিত ইতিহাসে টানা দু’টি শিরোপা জেতা দশম ক্লাব হিসেবে নিজেদের নাম লেখালো প্যারিসের দলটি।

শিরোপা ধরে রাখার এই সাফল্য ইউরোপীয় ফুটবলে পিএসজির আধিপত্যকে আরও দৃঢ় করল এবং ক্লাবটির ইতিহাসে নতুন এক গৌরবময় অধ্যায় যোগ করল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর