Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতের কাছে ৩-০ গোলে হার, সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

স্পোর্টস করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ০৫:০৭ | আপডেট: ১ জুন ২০২৬ ০৭:২৮

সাফ নারী চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে এই পরাজয়ের পরও গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

গোয়ার পন্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। তাদের ধারাবাহিক চাপে প্রথমার্ধে কিছুটা ছন্দহীন দেখা যায় বাংলাদেশকে। ৩৬তম মিনিটে ডিফেন্ডার কোহাতি কিসকুর ভুল হেডের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন ভারতের পিয়ারি জাজা।

সমতা ফেরার লক্ষ্যে দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় বাংলাদেশ। তবে ভারতের শক্ত রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় পিটার বাটলারের শিষ্যরা। উল্টো ৭৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে ভারত। ডি-বক্সে মালবিকা প্রসাদকে ফাউল করলে স্পট কিক পায় স্বাগতিকরা, যা থেকে গোল করেন বদলি খেলোয়াড় লিন্ডা কম সেত্রো।

বিজ্ঞাপন

ম্যাচের অতিরিক্ত সময়ে বাংলাদেশের হতাশা আরও বাড়ান মালবিকা প্রসাদ। শেষ মুহূর্তে গোল করে দলের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন ভারতীয় ফুটবলার।

এই জয়ের মাধ্যমে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে, হারলেও ‘বি’ গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।

এখন বাংলাদেশের সামনে অপেক্ষা করছে কঠিন সেমিফাইনাল পরীক্ষা। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপালের বিপক্ষে লড়বে তারা। তবে নেপালের বিপক্ষে আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বাংলাদেশের। কারণ, সাফ নারী চ্যাম্পিয়নশিপের সর্বশেষ দুটি ফাইনালেই নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর