Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইতিহাস গড়ে প্রথমবার গ্র্যান্ড স্লাম ফাইনালে ১৯ বছরের রুশ তরুণী

স্পোর্টস করেসপন্ডেন্ট
৫ জুন ২০২৬ ১১:১৭

দুর্দান্ত পারফরম্যান্সে প্রথমবারের মতো গ্র্যান্ড স্লাম ফাইনালে জায়গা করে নিয়েছেন রাশিয়ার ১৯ বছর বয়সী টেনিস তারকা মিররা আন্দ্রিভা। ফ্রেঞ্চ ওপেন নারী এককের সেমিফাইনালে ইউক্রেনের মার্তা কস্তিয়ুককে সহজেই হারিয়ে রোলাঁ গারোর ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন এই উদীয়মান তারকা।

সেমিফাইনালে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করেন আন্দ্রিভা। মাত্র দুই সেটেই ম্যাচ শেষ করে তিনি ৬-১, ৬-৩ গেমে জয় তুলে নেন। পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী টেনিস উপহার দিয়ে ফাইনালে ওঠার যোগ্যতা প্রমাণ করেন তিনি।

গত বছর ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল আন্দ্রিভাকে। তবে এক বছরের ব্যবধানে নিজের খেলায় আরও পরিপক্বতা এনে এবার তিনি পৌঁছে গেলেন শিরোপা নির্ধারণী মঞ্চে।

বিজ্ঞাপন

আগামী শনিবার অনুষ্ঠিতব্য ফাইনালে আন্দ্রিভার প্রতিপক্ষ হবে রাশিয়ার ডায়ানা শ্নাইডার অথবা পোল্যান্ডের কোয়ালিফায়ার মায়া চওয়ালিনস্কা। দুই খেলোয়াড়ের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর বিপক্ষেই শিরোপার লড়াইয়ে নামবেন রুশ কিশোরী।

মাত্র ১৯ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে পৌঁছে আন্দ্রিভা একটি অনন্য কীর্তিও গড়েছেন। গত তিন দশকের ইতিহাসে তিনি চতুর্থ সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে রোলাঁ গারোর ফাইনালে জায়গা করে নিলেন। এর আগে এই তালিকায় ছিলেন টেনিস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিস, বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স এবং যুক্তরাষ্ট্রের কোকো গফ।

এদিকে ফাইনালে জয় পেলে আন্দ্রিভার সামনে আরও বড় ইতিহাস অপেক্ষা করছে। তিনি মারিয়া শারাপোভা ও এমা রাদুকানুর পর এই শতাব্দীর তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের গৌরব অর্জন করবেন।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো