Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফিফা বিশ্বকাপের মঞ্চে নোরার ৪৫ সেকেন্ডেই বিশ্বজয়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ জুন ২০২৬ ১৭:৪৯ | আপডেট: ১০ জুন ২০২৬ ২৩:০৭

ফুটবল বিশ্বকাপের উত্তেজনায় যখন সারা বিশ্ব কাঁপছে, ঠিক সেই মুহূর্তে নেটদুনিয়ায় নতুন করে ঝড় তুলেছেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল মিউজিক ভিডিওতে নোরার উপস্থিতিতে মুগ্ধ ভক্তরা। মাত্র ৪৫ সেকেন্ডের ঝলকেই তিনি বুঝিয়ে দিলেন, মাঠের বাইরের উন্মাদনা বাড়াতে তার জুড়ি মেলা ভার।

‘সির সির’ শিরোনামের এই মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে মরক্কোর কাসাব্লাঙ্কায়। তবে এই নান্দনিক ভিডিওটি তৈরি করা ছিল এক বড় চ্যালেঞ্জ। পুরো টিমের হাতে সময় ছিল মাত্র ১৫ মিনিট। নোরার ভাষায়, ওই অল্প সময়ের মধ্যেই তারা কোটি টাকার শট ক্যামেরাবন্দি করেছেন। নিজের পরিশ্রমের ফসল নিয়ে তিনি বলেন, এই গানের মাধ্যমে মরক্কো, কানাডা এবং ভারতের সংস্কৃতির এক অদ্ভুত মেলবন্ধন ঘটানো হয়েছে। ভারত ও দক্ষিণ এশিয়ার দর্শকদের থেকে পাওয়া ভালোবাসার কারণেই আজ তিনি এই বৈশ্বিক মঞ্চে নিজেকে উপস্থাপন করতে পারছেন।

বিজ্ঞাপন

নোরার এই সাফল্যে নেপথ্যে কাজ করেছে পুরো একটি দক্ষ দল। কোরিওগ্রাফার থেকে শুরু করে স্টাইলিং টিম—সবাই মিলে গানটিকে বিশ্বমানের করে তুলতে নিরলস কাজ করেছেন। নোরা জানান, ফিফা বিশ্বকাপের মতো এত বড় আসরের সঙ্গে যুক্ত হতে পারা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। এই মিউজিক ভিডিওটি তাকে এক অদ্ভুত পূর্ণতা দিয়েছে।

বিশ্বকাপের আয়োজকরা এবারের আসরে বিনোদনের কোনো কমতি রাখছেন না। শাকিরার পাশাপাশি মঞ্চ মাতাতে নোরা ফাতেহিকে দেখা যাবে মেক্সিকোর গ্র্যান্ড ওপেনিংয়ের পরবর্তী বিশেষ আয়োজনে। আগামী ১২ জুন কানাডার টরন্টোর মঞ্চে নিজের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে উপস্থিত থাকবেন তিনি। ফুটবল প্রেমীদের পাশাপাশি নোরার ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষায় আছেন তার সেই জাদুকরী নাচের দেখার জন্য।

মডেলিং ও অভিনয়ের গণ্ডি পেরিয়ে নোরা ফাতেহি এখন বিশ্বমঞ্চের পরিচিত মুখ। তার শরীরী হিল্লোল আর নৃত্যশৈলী যে সারা বিশ্বের দর্শককে এক সুতোয় বাঁধতে পারে, তা আবারও প্রমাণ করলেন তিনি। বিশ্বকাপের এই মহোৎসবে নোরা ফাতেহির অংশগ্রহণ ফুটবল আর গ্ল্যামারের এক দারুণ মিশেল তৈরি করেছে।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর