বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও একটি গৌরবের মুহূর্ত এনে দিলেন সাবেক অধিনায়ক ও বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ক্রিকেট প্রতিষ্ঠান মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) তাকে আজীবন সম্মানসূচক সদস্যপদ প্রদান করেছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন পাঁচজন সম্মানসূচক আজীবন সদস্যের নাম ঘোষণা করে এমসিসি। তামিমের পাশাপাশি এই স্বীকৃতি পেয়েছেন নিউজিল্যান্ড নারী দলের দুই কিংবদন্তি সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মেল জোন্স এবং ভারতের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা।
তামিমকে নিয়ে এমসিসি তাদের বিবৃতিতে জানায়, বাংলাদেশের খুব অল্পসংখ্যক ক্রিকেটারই এই সম্মান অর্জন করেছেন। তারা তামিমকে দেশের অন্যতম সেরা ও সবচেয়ে উদযাপিত ক্রিকেটার হিসেবে উল্লেখ করেছে।
এর আগে ২০২৩ সালে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পেয়েছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এছাড়া বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক রইসউদ্দিন আহমেদও এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করেছিলেন।
২০০৮ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর তামিম ইকবাল বাংলাদেশের অন্যতম সফল ব্যাটারে পরিণত হন। তিনি টেস্ট ক্রিকেটে ৫ হাজারের বেশি রান করেছেন এবং বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।
তামিমের ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল অর্জন ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি। সেই ইনিংসের সুবাদে তিনি লর্ডসের অনার্স বোর্ডে নাম লেখান।
খেলোয়াড়ি জীবনের পর বর্তমানে তিনি বাংলাদেশের ক্রিকেট প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ বিসিবি সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন তামিম।
১৭৮৭ সালে প্রতিষ্ঠিত মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ক্রিকেট আইনের অভিভাবক হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। ঐতিহ্যবাহী এই ক্লাবের বর্তমানে প্রায় ১৮ হাজার ৩৫০ জন পূর্ণ সদস্য এবং ৬ হাজার সহযোগী সদস্য রয়েছেন।
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, “পাঁচজন অসাধারণ ক্রিকেটারকে আমাদের নতুন সম্মানসূচক আজীবন সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। ক্রিকেটের প্রতি তাদের আজীবনের নিবেদন এই স্বীকৃতির সম্পূর্ণ যোগ্য। ভবিষ্যতে লর্ডসে এমসিসির সদস্য হিসেবে তাদের স্বাগত জানানোর অপেক্ষায় আছি।”