Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ‘কেপ ভার্দের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা’

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ২৩:৪৯ | আপডেট: ১ জুলাই ২০২৬ ১০:৪৯

ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ‘অভিশাপ’ দেওয়ার দাবি করে আলোচনায় আসা ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম এবার নতুন ভবিষ্যদ্বাণী করেছেন। তার দাবি, ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার নকআউট ম্যাচ। গ্রুপ পর্বে দাপটের সঙ্গে খেলা আর্জেন্টিনাকে নিয়েই বিস্ময়কর এই ভবিষ্যদ্বাণী করেছেন বনসাম। তার ভাষ্য, ‘শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’

এর আগে গ্রুপ পর্বে ঘানার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন এই ওঝা। তখন তিনি দাবি করেছিলেন, ঘানার বিপক্ষে যেন কেইন কার্যকর হতে না পারেন, সে জন্য তিনি আধ্যাত্মিক শক্তি প্রয়োগ করছেন। যদিও তিনি বলেছিলেন, কেইনের বড় কোনো ক্ষতি চান না, শুধু নিজের দেশের স্বার্থেই তাকে আটকে রাখতে চান।

বিজ্ঞাপন

সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয় এবং চলতি বিশ্বকাপে সেটিই ছিল কেইনের একমাত্র ম্যাচ, যেখানে তিনি গোল করতে পারেননি। পরে বনসাম আবার দাবি করেন, তিনি কেইনের ওপর থেকে তার প্রভাব সরিয়ে নেবেন। এরপরই ইংল্যান্ডের পরের ম্যাচে পানামার বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে গোল করেন কেইন। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসেন ঘানার এই ওঝা।

তবে আর্জেন্টিনাকে নিয়ে এই ওঝার সর্বশেষ ভবিষ্যদ্বাণীর বাস্তবতা জানতে অপেক্ষা করতে হবে রাউন্ড অব ৩২-এর ম্যাচ পর্যন্ত। কারণ পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে বরাবরই সফল আর্জেন্টিনা।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সাতবার আফ্রিকান দলের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। এর মধ্যে ছয়টি ম্যাচেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। পাঁচবার হারিয়েছে নাইজেরিয়াকে এবং একবার আইভরি কোস্টকে। আফ্রিকার দলের বিপক্ষে তাদের একমাত্র হারটি এসেছিল ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের কাছে।

ফিফা র‌্যাংকিংয়ে আর্জেন্টিনা এক নম্বরে। অপর দিকে কেপ ভার্দে ৬৭ নম্বরে। শক্তির ব্যবধানে যোজন যোজন এগিয়ে আর্জেন্টিনা।

শেষ পর্যন্ত পরিসংখ্যান কথা বলে নাকি ওঝার ভবিষ্যতবাণী সেটা মাঠে লড়াইয়েই পরিস্কার হবে।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর