Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়া সফরে থাকছেন না ইবাদতও

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১১:৪১

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশ দলে নানান সমস্যা! ইনজুরির কারণে লিটন দাস ও নাহিদ রানার অস্ট্রেলিয়া সিরিজ অনিশ্চিত হয়ে পরেছে। এদিকে ব্যক্তিগত কারণে সফর থেকে সরে দাঁড়িয়েছেন পেসার এবাদত হোসেনও।

আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই হবে টাইগারদের প্রথম টেস্ট সিরিজ এবং এটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

জানা গেছে, বাবা হতে যাচ্ছেন এবাদত হোসেন। পরিবারের পাশে থাকতে তিনি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে ছুটি নিয়েছেন। ফলে অস্ট্রেলিয়া সফরে তাকে পাওয়া যাচ্ছে না। ইবাদতের জায়গায় তরুণ পেসার মুশফিক হাসানকে দেখা যেতে পারে দলে।

বিজ্ঞাপন

অন্যদিকে ইনজুরির কারণে স্কোয়াড নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। ব্যাটার লিটন দাস বর্তমানে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে অবস্থান করছেন। তার স্ক্যান রিপোর্ট পাওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও প্রাথমিকভাবে গুরুতর কোনো সমস্যা নেই বলেই জানা গেছে।

পেসার নাহিদ রানাও জিম্বাবুয়ে সফর থেকে চোট নিয়ে ফিরেছেন। তবে তাকে পুরোপুরি বাদ দেওয়ার পরিকল্পনা নেই। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রথম টেস্টে না খেললেও দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যেতে পারে। এ কারণে দলের সঙ্গেই অস্ট্রেলিয়া সফরে যাবেন এই ডানহাতি পেসার।

এবাদতের অনুপস্থিতি এবং শরিফুল ইসলামের চোটে পেস ইউনিটে একটি জায়গা প্রায় নিশ্চিতভাবেই ফাঁকা হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলে ডাক পেতে পারেন তরুণ পেসার মুশফিক হাসান। বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের ক্যাম্পে থাকা এই পেসারকে জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া অস্ট্রেলিয়া সফরের পেস আক্রমণে তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে পাঁচজন পেসার নিয়েই অস্ট্রেলিয়ায় যেতে চায় বাংলাদেশ দল।

ইতোমধ্যে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক এবং স্টিভেন স্মিথসহ অ্যাশেজ সিরিজে খেলা প্রায় সব তারকাই রয়েছেন দলে। ফলে কঠিন কন্ডিশনে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বড় এক পরীক্ষা।

সারাবাংলা/এসএইচএস