দীর্ঘ ১৭ বছর পর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ২০২৭ সালের ২৮ মে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড।
এর আগে ২০১০ সালে সর্বশেষ ইংল্যান্ড সফর করেছিল বাংলাদেশ। সেই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল লর্ডসে। দীর্ঘ বিরতির পর আবারও ক্রিকেটের ‘হোম অব ক্রিকেট’-এ খেলবে বাংলাদেশ।
দুই দলের টেস্ট ইতিহাসে এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এর মধ্যে বাংলাদেশের একমাত্র জয় আসে ২০১৬-১৭ মৌসুমে, ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওই সিরিজে দুই দল একটি করে ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করে।
বাংলাদেশ ক্রিকেটের জন্য আগামী দুই বছর ব্যস্ত সূচি অপেক্ষা করছে। আগামী মাসেই ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। সেই সফরের এক বছরের মধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে মাঠে নামার সুযোগ পাচ্ছেন নাজমুল হোসেন শান্তরা।
এদিকে পুরুষ দলের পাশাপাশি ২০২৭ সালে ইংল্যান্ড সফরে যাবে বাংলাদেশের নারী ক্রিকেট দলও। সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে তারা। সেপ্টেম্বরে নর্দাম্পটন, টনটন ও উস্টারে টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এরপর হোভ, কেন্টারবেরি ও চেমসফোর্ডে হবে তিনটি ওয়ানডে ম্যাচ।