Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিকেএসপিতে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি, ৭ দিনের মধ্যে প্রতিবেদন চেয়েছে মন্ত্রণালয়

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৩:১৪

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) কারাতে বিভাগের শিক্ষার্থী ইয়াসার আহমেদ জিমের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২ অনুবিভাগ) মো. মাহফুজুল আলম খানকে প্রধান করে গঠিত এই কমিটি ঘটনার সার্বিক তদন্ত করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সুপারিশও দিতে বলা হয়েছে।

বিকেএসপি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যানুযায়ী, গত ২৮ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা থেকে রাত ১টা ৩০ মিনিটের মধ্যে অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন দশম শ্রেণির শিক্ষার্থী ইয়াসার আহমেদ জিম। পরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তবে বিকেএসপির মতো উচ্চ নিরাপত্তাবেষ্টিত সরকারি প্রতিষ্ঠানের ভেতরে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনার পর ইয়াসারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইয়াসার কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বাসিন্দা। তিনি মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে। ছোটবেলা থেকেই কারাতে নিয়ে স্বপ্ন দেখা ইয়াসার বাবার উৎসাহে বিকেএসপিতে ভর্তি হন এবং জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ হওয়ার লক্ষ্য নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর