Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়ায় লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করলেন ইমরুল কায়েস

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ১৬:৫০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস কোচিং ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক স্পর্শ করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনে লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। কোচিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার লক্ষ্যেই কোচিং দক্ষতা আরও সমৃদ্ধ করছেন এই সাবেক টাইগার ওপেনার।

রোববার (২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কোর্স শেষে প্রশিক্ষকদের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন ইমরুল। একই সঙ্গে কোর্সটি সম্পন্ন করতে সহযোগিতার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের (ক্রিকেট এনএসডব্লিউ) প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ইমরুল লিখেছেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার অধীনে লেভেল-২ ক্রিকেট কোচিং কোর্স সফলভাবে শেষ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ক্রিকেট নিউ সাউথ ওয়েলসকে আন্তরিক ধন্যবাদ, যাদের তত্ত্বাবধানে এই কোর্স সম্পন্ন করেছি। আমার কোচিং যাত্রায় এটি দারুণ একটি অভিজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা আগামী প্রজন্মের তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কাজে লাগাতে পারব এবং তাদের জন্য নিজের সেরাটা দিতে পারব।’

বাংলাদেশের জার্সিতে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ইমরুল কায়েস। ৩৯টি টেস্ট, ৭৮টি ওয়ানডে এবং ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে দেশের প্রতিনিধিত্ব করেছেন ইমরুল। আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ প্রায় চার হাজার রান, যার মধ্যে রয়েছে সাতটি সেঞ্চুরি।

খেলোয়াড়ি জীবনের শেষ পর্যায় থেকেই কোচিংকে ভবিষ্যৎ পেশা হিসেবে বেছে নেওয়ার প্রস্তুতি শুরু করেন ইমরুল। বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যতে কোচ হিসেবে তার ভূমিকা কী হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।

সারাবাংলা/এসএইচএস