Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রেলিয়ায় টাইগারদের প্রস্তুতি শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৭:১১

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে বাংলাদেশ। সেই চ্যালেঞ্জ সামনে রেখে ডারউইনে প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে নাজমুল হোসেন শান্তর দল। ফিটনেস, ফিল্ডিং, ব্যাটিং ও বোলিং—সব বিভাগেই নিজেদের প্রস্তুত করার অনুশীলন করেছেন টাইগাররা।

প্রথম দিনের অনুশীলন শেষে দলের অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে ভালোভাবেই প্রস্তুতি শুরু করতে পেরেছেন তারা। বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, যাত্রাপথে বিশ্রামের সুযোগ পাওয়ায় অনুশীলনে বড় কোনো সমস্যা হয়নি।

তাইজুল বলেন, ‘যাত্রাটাও ভালো ছিল। আসার পথে একটি ট্রানজিট পেয়েছিলাম, সেখানে পর্যাপ্ত বিশ্রাম হয়েছে। প্রথম দিনের প্রস্তুতিও ভালো হয়েছে। উইকেট, ফিল্ডিং, রানিং—সব ধরনের অনুশীলনই করতে পেরেছি।’

বিজ্ঞাপন

ডারউইনে প্রথম দিনের অনুশীলনে ক্রিকেটারদের বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। বিসিবির প্রকাশিত ভিডিওতে খেলোয়াড়দের হাসিখুশি অনুশীলন করতে দেখা যায়। তবে এখনো দলের সব সদস্য একসঙ্গে যোগ দেননি। মূল বহরের কয়েকজন ক্রিকেটার পরে অস্ট্রেলিয়ায় পৌঁছে দলের সঙ্গে যুক্ত হবেন।

আগামী ৫ আগস্ট পর্যন্ত ডারউইনেই অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। প্রস্তুতি ম্যাচ শেষে আরও দুই দিন অনুশীলনের সুযোগ পাবে দলটি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

অস্ট্রেলিয়া সফরের আগে অবশ্য চোটের কারণে বেশ সমস্যায় পড়েছে বাংলাদেশ। পেসার নাহিদ রানা পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় উন্নতি হওয়ায় উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে প্রথম টেস্টের দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। আর পেসার শরীফুল ইসলাম দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে একমাত্র জয়টি এসেছে ২০১৭ সালে মিরপুরে। বাকি পাঁচ ম্যাচেই হারতে হয়েছে টাইগারদের, যার তিনটিতে ইনিংস ব্যবধানে পরাজয় রয়েছে। এবারের সফরে অতীতের পরিসংখ্যান বদলে নতুন ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে নামছে বাংলাদেশ দল।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর