Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তান ক্রিকেট এখন ‘হাসির পাত্র’, পিসিবিকে তুলোধোনা নাসের হুসাইনের

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১

মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের কর্মকাণ্ডেই যেন বেশি আলোচনায় পাকিস্তান ক্রিকেট। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচ হারের পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নেওয়া একাধিক সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেসব সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে সর্বত্র। এবার সেই সিদ্ধান্তগুলোর কঠোর সমালোচনা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসাইন। তাঁর মতে, পরিস্থিতি সামাল দিতে গিয়ে পিসিবি পাকিস্তান ক্রিকেটকে আরও হাস্যকর অবস্থায় নিয়ে গেছে।

হেডিংলি ও লর্ডসে টানা দুই টেস্ট হেরে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরই পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তন আনে পিসিবি। সাত ক্রিকেটার ও দুই কোচকে ইংল্যান্ড সফর থেকে দেশে ফেরত পাঠানো হয়। মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা ও ইমাম-উল-হকসহ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকেও দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে টেস্ট দলের কোচ সরফরাজ আহমেদের জায়গায় তৃতীয় টেস্টের দায়িত্ব দেওয়া হয়েছে সাদা বলের কোচ মাইক হেসনকে।

বিজ্ঞাপন

পিসিবির এই সিদ্ধান্তগুলোতে অনেকের মতো প্রশ্ন তুলেছেন নাসের। স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে কথা বলার সময় তিনি বলেন, হেডিংলিতে পাকিস্তানের পরাজয়ের পর বিশ্ব ক্রিকেট দলটিকে নিয়ে হাসাহাসি করেনি। বরং পাকিস্তানের ক্রিকেটের এমন পরিস্থিতি দেখে হতাশা থেকেই সমালোচনা করা হয়েছিল। কিন্তু এরপর বোর্ড যেভাবে পরিস্থিতি সামলেছে, তাতেই বিষয়টি হাস্যকর পর্যায়ে পৌঁছেছে বলে মনে করেন তিনি।

নাসেরের ভাষায়, ‘হেডিংলির পর বিশ্ব পাকিস্তানকে নিয়ে হাসছিল বলে আমি মনে করি না। লর্ডসে তাদের লড়াই না করা, ভারত-পাকিস্তান ম্যাচগুলো একতরফা হয়ে যাওয়া কিংবা দুর্বল দল দুর্বল ক্রিকেট খেলছে, এসব নিয়ে আমার সমালোচনা ছিল হতাশা থেকে। এই মহান ক্রিকেট জাতি এখন কোথায় নেমে গেছে, সেটা দেখেই হতাশ হয়েছিলাম। কিন্তু তারা এখন যা করেছে, তাতে পাকিস্তানকে হাসির পাত্রে পরিণত করেছে। পরিস্থিতি আরও খারাপ করেছে।’

পাকিস্তানের দলীয় ব্যর্থতার পাশাপাশি ইমাম-উল-হকের চোট ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন নাসের। লর্ডস টেস্টের প্রথম দিনে ফিল্ডিং করার সময় কাফ মাসলে চোট পান ইমাম। স্ক্যানে চোট ধরা পড়ার পর দ্বিতীয় টেস্টের কোনো ইনিংসেই ব্যাট করতে পারেননি তিনি। কিন্তু তাঁর চোটের বিষয়টি নিয়েই প্রকাশ্যে প্রশ্ন তোলেন পিসিবির হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক আকিব জাভেদ।

টেলিভিশন আলোচনায় ইমামের চোট নিয়ে আকিবের মন্তব্যের পর বিষয়টি আরও বিতর্কের জন্ম দেয়। একজন ক্রিকেটারের চোট নিয়ে এভাবে প্রকাশ্যে প্রশ্ন তোলার বিষয়টি মেনে নিতে পারছেন না নাসের।

‘আমি বিশ্বাসই করতে পারছি না, হাই পারফরম্যান্স বিভাগের একজন পরিচালক কীভাবে টেলিভিশনে গিয়ে নিজের একজন খেলোয়াড়কে সবার সামনে বলির পাঁঠা বানাতে পারেন। সে চোট পেয়েছে, নাকি পায়নি, বিষয়টা এতটুকুই,’ বলেন নাসের।

পাকিস্তানের ক্রিকেট ব্যবস্থাপনায় খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। তাঁর মতে, চোটের মতো সংবেদনশীল বিষয়ে বোর্ডের আরও পেশাদারভাবে পরিস্থিতি সামলানো উচিত ছিল।

তিনি আরও বলেন, ‘অন্য যেকোনো সফরকারী দলের ক্ষেত্রে কোনো খেলোয়াড় কেমন আছে জানতে চাইলে তারা বলবে, “তার স্ক্যান হয়েছে এবং প্রয়োজন হলে সে ব্যাট করবে।” ইমামের বিষয়টি যেভাবে সামলানো হয়েছে, পুরো ব্যাপারটাই হাস্যকর। খেলোয়াড়দের কিছুটা হলেও সুরক্ষা দিতে হয়।’

বিজ্ঞাপন

রাজধানীতে একদিনে গ্রেফতার ৫৩৪
৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর