জুনিয়র এশিয়া কাপে শুরুতে জয়ের কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দলকে। ম্যাচে দুইবার এগিয়ে গিয়েছিল বাংলাদেশের যুবারা। কিন্তু শেষ পর্যন্ত সেই সুবিধা ধরে রাখতে না পারায় চীনের কাছে ৩-২ গোলে হারতে হয়েছে।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে ভালো খেলেছে বাংলাদেশ। ম্যাচের ১২ মিনিটেই শিমুল ইসলামের ফিল্ড গোলে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। সাত মিনিট পর পেনাল্টি কর্নার থেকে ওয়াং ইউবো গোল করলে ১-১ সমতায় ফেরে চীন।
দ্বিতীয় কোয়ার্টারে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে স্কোরলাইন ২-১ করে নেয় তারা। এরপর নিজেদের লিড ধরে রেখে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে বাংলাদেশের যুবারা।
তবে তৃতীয় কোয়ার্টারে এসে বাংলাদেশের রক্ষণভাগের ভুলে আবারও সমতায় ফিরে চীন। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ছিউ ওয়েনশুয়ানের গোলে ম্যাচের স্কোর দাঁড়ায় ২-২।
শেষ কোয়ার্টারে জয়ের জন্য দুই দলই আক্রমণ বাড়িয়ে দেয়। বাংলাদেশও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা। উল্টো ৫৩ মিনিটে সুন জিংরানের ফিল্ড গোলে প্রথমবারের মতো ম্যাচে লিড নেয় চীন। শেষ দিকে সমতায় ফেরার চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে দুইবার এগিয়েও শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় যুবাদের।
চীনের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর বাংলাদেশের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। গ্রুপ পর্বে নিজেদের পরের ম্যাচে রোববার মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।