এশিয়ান গেমস ক্রিকেটে আগের মতো দ্বিতীয় সারির দল নয়, এবার সম্ভাব্য সেরা দলই ঘোষণা করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে স্বর্ণপদক পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে জাপানে যাওয়ার আগে দেশের মাটিতে দীর্ঘ প্রস্তুতি ক্যাম্প করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ দলের ক্যাম্প শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১২ দিনের এই প্রস্তুতি চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর এশিয়ান গেমসের মূল মিশনে জাপানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল।
২০১০ সালে এশিয়ান গেমসে ক্রিকেটের অভিষেকেই স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে পরের দুই আসরে সেই সাফল্য ধরে রাখা সম্ভব হয়নি। ২০১৪ সালের আসর এবং ২০২২ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টাইগারদের। এবার সেই হতাশা পেছনে ফেলে আবারও সোনা জয়ের লক্ষ্য বাংলাদেশের।
এশিয়ান গেমসকে সামনে রেখে এরই মধ্যে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও পেসার হাসান মাহমুদ। দুজনই সর্বশেষ ২০২৫ সালে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন।
শুধু বাংলাদেশ নয়, এশিয়ান গেমসে শক্তিশালী স্কোয়াড পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারতও। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের দলেও জাতীয় দলের বেশ কয়েকজন পরিচিত মুখ থাকছেন। তবে গুরুত্বপূর্ণ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে তারা। শ্রীলঙ্কা এখনও তাদের দল ঘোষণা করেনি।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে বাংলাদেশ। ফলে গ্রুপ পর্বে খেলতে হবে না টাইগারদের। আগামী ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে রয়েছে নেপাল, মালয়েশিয়া ও ওমান।