Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানকেও গোলবন্যায় ভাসাল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৬

ছেলেদের ব্যর্থতার বিপরীতে জুনিয়র এশিয়া কাপে দারুণ ছন্দে আছে বাংলাদেশের মেয়েরা। চায়নিজ তাইপের পর এবার পাকিস্তানকেও বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল লাল-সবুজের দল। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলের শীর্ষস্থানও ধরে রেখেছে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের নবম মিনিটে ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন নূপুর। দ্বিতীয় কোয়ার্টারে নাদিরা এমার গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বিরতির পরও আক্রমণের ধার কমেনি বাংলাদেশের। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন সারিকা রিমন।

৪১ মিনিটে পাকিস্তান একটি গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারায়নি বাংলাদেশ। মাত্র দুই মিনিট পর, ৪৩ মিনিটে কণা আক্তারের গোলে আবারও তিন গোলের ব্যবধান তৈরি হয়। শেষ দিকে ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তার গোল করলে ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশ।

বাংলাদেশের মেয়েদের জন্য এটি জুনিয়র এশিয়া কাপে দ্বিতীয় অংশগ্রহণ। ২০২৪ সালের আসরে নবম অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল তারা। এবার দশ দলের টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে রয়েছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। অন্যদিকে এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে খেলছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।

নিয়ম অনুযায়ী চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এলিট পুলের পাঁচ দলের সঙ্গে কোয়ার্টার ফাইনালে খেলবে। আর চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দল মুখোমুখি হবে নবম ও দশম স্থান নির্ধারণী ম্যাচে।

বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর