Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজা ফিরলেন সিংহাসনে


৫ জুলাই ২০১৯ ২০:৫৫ | আপডেট: ৫ জুলাই ২০১৯ ২৩:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাঝে অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ আর ডেভিড ওয়ার্নারের কাছে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষস্থানটি হারিয়েছিলেন সাকিব। পরে ভারতের রোহিত শর্মা বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে এই তালিকায় শীর্ষে উঠেন। আজ পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে নেমে আবারো এই তালিকায় শীর্ষে উঠলেন সাকিব। যেন রাজা ফিরলেন নিজের হারানো সিংহাসনে। আট ম্যাচের সাত ইনিংসে সাকিবের নামের পাশে সর্বোচ্চ ৬০৬ রান।

৫৪৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ৫১৬ রান করে তালিকায় তিনে নেমে গেছেন ডেভিড ওয়ার্নার আর ৫০৪ রান নিয়ে চারে অ্যারন ফিঞ্চ। ৫০০ রান করে পাঁচে ইংল্যান্ডের জো রুট। সাকিব, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ আর জো রুট এই পাঁচজন ছাড়া বিশ্বকাপের চলতি আসরে ৫০০ প্লাস রান নেই আর কোনো ব্যাটসম্যানের।

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে ব্যাট হাতে অদম্য সাকিব। বল হাতে দুর্দান্ত পারফর্মের পাশাপাশি ব্যাট হাতে প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে নামার আগে নিজের খেলা সাত ম্যাচের ছয়টিতেই ফিফটি প্লাস ইনিংস খেললেন সাকিব। এর মধ্যে আছে দুটি সেঞ্চুরি।

দ্য ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের প্রথম ম্যাচে সাকিব করেন ৭৫ রান। একই ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৬৪ রান। কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেন। যেটি বিশ্বকাপে ছিল তার প্রথম সেঞ্চুরি। পরের ম্যাচে টন্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন অপরাজিত ১২৪ রান। বিশ্বকাপে মাহমুদউল্লাহর পর টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান এই বাঁহাতি।

নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে সাকিব করেন ৪১ রান। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ৫১ রানের পাশাপাশি বল হাতে ২৯ রানের বিনিময়ে নেন ৫টি উইকেট।

ভারতের বিপক্ষে আরেকটি ফিফটির দেখা পান সাকিব। ক্যারিয়ারে এটি ছিল তার ৪৬তম ফিফটি। পাকিস্তানের বিপক্ষে নামার আগে চলতি বিশ্বকাপে ব্যাট হাতে সাত ম্যাচের ছয়টিতেই ফিফটি প্লাস রানের ইনিংস খেলেছেন ওয়ানডেতে ৯টি সেঞ্চুরির মালিক সাকিব।

বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপের সব ম্যাচ অনলাইনে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি বা চার্জ ছাড়াই দেখতে পারবেন র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com-এ। এছাড়া র‍্যাবিটহোলের অ্যাপেও দেখা যাবে প্রতিটি ম্যাচ। অ্যাপটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/UNCWS2 (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে। তাছাড়া আইওএস ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারবেন https://goo.gl/vJjyyL (শুধুমাত্র বাংলাদেশ) এই লিংকে ক্লিক করে।

সারাবাংলা/এমআরপি