Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সুপার ওভারের নাটকে শেষ হাসি কুমিল্লার


২ জানুয়ারি ২০২০ ২২:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু বিপিএলের সিলেট পর্বে দিনের শেষ ম্যাচটা জমজমাট করে তুলেছিলো সিলেট থান্ডার এবং কুমিল্লা ওয়ারিয়র্স। দু’দলের ব্যাট করার পরেও ম্যাচের ফলাফল না আসায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষ পর্যন্ত সুপার ম্যাচ জিতে নেয় কুমিল্লা।

এর আগে কুমিল্লার ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করে ১৪০ রান তোলে। ১৪১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে সিলেটও তোলে ১৪০ রান। আর তাতেই ম্যাচ গড়ায় সুপার ওভারে। এখানে আগে ব্যাট করে কুমিল্লাকে ৮ রানের জয়ের লক্ষ্য দেয় সিলেট থান্ডার। জবাবে ব্যাট করতে নেমে ১ বল হাতে রেখেই জয় তুলে নেয় কুমিল্লা।

সুপার ওভারের আগে টস জিতে আগে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সিলেট। আগে ব্যাট করতে নেমে এবাদত হোসেন আর সোহাগ গাজীর দারুণ বোলিংয়ে দ্রুতই টপ অর্ডারের ব্যাটসম্যানদের হারায় কুমিল্লা। অধিনায়ক সৌম্য সরকার আর তারকা ক্রিকেটার সাব্বির রহমান ফেরেন যথাক্রমে ৫ এবং ১৭ রান করে। শেষ দিকে ব্যাট হাতে আর কেউই তেমন প্রতিরোধ গড়তে না পারলে কুমিল্লা ওয়ারিয়র্সের সংগ্রহ দাঁড়ায় ১৪০ রানের। আর তাতেই স্বাগতিক সিলেট থান্ডারের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৪১ রানের।

বিজ্ঞাপন

সিলেটের বোলাররা নিজেদের কাজটা করেছেন বেশ ভালো ভাবেই। এবাদত হোসেন আর শিরফান রাদারফোর্ড নিয়েছেন তিনটি করে উইকেট আর দুই উইকেট নিয়েছেন সোহাগ গাজী।

জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লার আফগান স্পিনার মুজিব-উর-রহমানের কাছেই যেন পরাস্থ হয় সিলেটের ব্যাটসম্যানরা। নিজের কোটার চার ওভারে মাত্র ১২ রান দিয়ে তুলে নেন ৪টি উইকেট। তবে থান্ডারদের টপ অর্ডার ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের পথ দেখানোর কাজটা করেছিলেন টাইগার পেসার আল-আমিন হোসেন।

কুমিল্লার ব্যাটসম্যানদের মধ্যে লড়াইটা করেছেন কেবল সোহাগ গাজীই। অন্যরা যখন আসা যাওয়ার মিছিলে ছিলেন তখন একা হাতেই লড়াই করে গেছেন সোহাগ। দলকে জয়ের আশাও দেখাচ্ছিলেন এক সময়, তবে যোগ্য সঙ্গী হিসেবে সঙ্গ দিয়ে পারেনি থান্ডারদের কেউই। শেষ পর্যন্ত ৩১ বলে ৫২ রান করে থামেন সোহাগ গাজী। তবে তিনি ফিরে যাওয়ার পর নাভিন উল হক এবং মুনির হোসেন লড়াই করতে থাকেন। শেষ পর্যন্ত নাভিন ১৫ আর মুনির করেন ১৬ রান। আর ইনিংসের শেষ বলে দৌড়ে দুই রান  নিতে গিয়ে রান আউট হন মুনির। তাতেই দু’দলের স্কোর দাঁড়ায় সমান। ম্যাচ গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে সিলেটকে হারিয়ে ম্যাচ জিতে নেয় সৌম্য সরকারের কুমিল্লা ওয়ারিয়র্স।