Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জ্যামাইকায় বাংলাদেশি পেসে কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৪ ২২:৫৭ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ০০:২৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। তবে নিজেরা কেঁদে এখন স্বাগতিকদেরও কাঁদাচ্ছে বাংলাদেশ! বাংলাদেশি পেস আক্রমণের সামনে রীতিমতো কাঁপছে ওয়েস্ট ইন্ডিজ। তরুণ নাহিদ রানা আবারও হাজির হয়েছেন বিধ্বংসী রুপে। তার সঙ্গে অপর দুই পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদও আগুন ঝড়াচ্ছেন। সব মিলিয়ে ১৬৪ রান তুলেও লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ!

টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ১৩৫ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। নাহিদ রানা একাই নিয়েছেন ৪ উইকেট। দুই উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। বাকি দুই উইকেট তাসকিন ও তাইজুল ইসলামের।

বিজ্ঞাপন

বাংলাদেশের ১৬৪ রানের জবাবে গতকাল ১ উইকেটে ৭০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। কাল ক্যারিবিয়ানরা যেভাবে ব্যাটিং করেছে তাতে মনে হচ্ছিল লম্বা ইনিংসই হতে যাচ্ছে। তবে আজ এক সেশনেই ৭ উইকেট তুলে নিয়ে উল্টো লিড পাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ!

নাহিদ রানা তাতে দিলেন সামনে থেকে নেতৃত্ব। সকাল সকাল আগের দিনের অপরাজিত ক্রেইগ ব্রাথওয়েটকে ফেরান নাহিদ। বাংলাদেশি তরুণ পেসারের গতিময় বাউন্সার খেলতে পারেননি ব্রাথওয়েট। ব্যাটে শোল্ডারে লেগে ক্যাচ চলে যায় গালিতে। ১২৯ বলে ৩৯ রান করা ব্রাথওয়েট থেমেছেন সেখানেই।

পরের ওভারে নাহিদের আরেক সাফল্য। ১২ বলে ৩ রান করা কাভেম হজকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানান নাহিদ। খানিক বাদে প্রথম টেস্টে বাংলাদেশকে ভোগানো আকিল আথানেজের স্ট্যাম্প উপড়ে দিয়েছেন তাসকিন আহমেদ। ৯ বলে ২ রান করে ফেরেন আথানেজ।

ওয়েস্ট ইন্ডিজের দলীয় ১০৫ রানের মাথায় বাংলাদেশকে পঞ্চম উইকেট এনে দেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। জাস্টিন গ্রেভসকে বোকা বানাতে বল টার্ন করানোর চেষ্টাই করেননি তাইজুল। বল গিয়ে আঘাত হানে গ্রেভসের স্ট্যাম্পে। তিন ওভার পর জাশুয়া ডি সিলভাকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন হাসান মাহমুদ। হাসান মাহমুদের ভেতরে ঢোকা বল ঠেকাতে পারেননি ৯ বলে ৫ রান করা ডি সিলভা। পরে রিভিউ নিয়েও উইকেট বাঁচাতে পারেননি।

অন্যদের যাওয়া আসার মিছিলে বাংলাদেশের গলার কাঁটা হয়ে ছিলেন কেসি কার্টি। হাসান সেই কাঁটা তুলেছেন! হাসান মাহমুদের লেগ সাইটের বলে ফ্লিক খেলতে গিয়েছিলেন কার্টি। কিন্তু বল তার ব্যাটের কানা ছুয়ে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। রিভিউ নিয়ে কার্টিসকে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ। ১১৫ বল খেলে ১টি চারের সাহায্যে ৪০ রান করে আউট হয়েছেন কার্টিস।

লাঞ্চ বিরতির খানিক আগে আলজারি জোসেফকে ফিরিয়ে চতর্থ উইকেট তুলে নেন নাহিদ রানা। নাহিদের বুদ্ধিদিপ্ত স্লোয়ার ‍ফুলটসে আগেই শট খেলতে গিয়ে বল বাতাসে ভাসিয়ে দেন জোসেফ। মিড অফে মেহেদি হাসান মিরাজের ক্যাচ হয়ে ফেরার আগে ১০ বলে ৭ রান করেন জোসেফ। কেমার রোচকে সঙ্গে নিয়ে সেশনের বাকি সময়টা কাটিয়ে দিয়েছেন শামার জোসেফ।

সারাবাংলা/এসএইচএস