Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোনো বিদেশি ছাড়াই খেলছে রাজশাহী, কী বলছে বিসিবি?

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৯:৩৬

কোনো বিদেশি ছাড়াই রংপুরের বিপক্ষে খেলছে রাজশাহী

বকেয়া পারিশ্রমিকের চেক হাতে পেয়ে বেশ খুশি হয়ে একটা সেলফি পোস্ট করেছিলেন দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয়। কিন্তু রায়ান বার্ল-মোহাম্মদ হারিসের মতো বিদেশি ক্রিকেটাররা এখনও বুঝে পাননি তাদের পারিশ্রমিক, বিজয়ের সেই সেলফিতেও তাদের দেখা যায়নি। সেই ক্ষোভ থেকেই আজ (রবিবার) রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেছেন তারা। বাধ্য হয়েই তাই একাদশে কোনো বিদেশি ছাড়াই রংপুরের বিপক্ষে খেলতে নেমেছে রাজশাহী।

অথচ বিপিএলের প্লেইং কন্ডিশন ও বাইলজ অনুযায়ী, কোনো দলের একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি ক্রিকেটার খেলতে পারলেও কমপক্ষে দুইজন বিদেশি রাখতেই হবে। কিন্তু কোনো বিদেশি খেলতে রাজি না হওয়ায় নিয়ম ভেঙে সব দেশি ক্রিকেটারদের সমন্বয়ে একাদশ সাজাতে হয়েছে রাজশাহীকে। অবশ্য এখানে বিশেষ ব্যবস্থা নিয়েছে বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল।

বিজ্ঞাপন

আজ সন্ধ্যায় বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, বিদেশিদের না পেয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির কাছে শুধুমাত্র দেশিদের নিয়ে একাদশ সাজানোর অনুমতি চায় রাজশাহী। বিশেষ ব্যবস্থায় বিপিএলের ম্যাচ কন্ডিশনের ১.২.৮ ধারা অনুযায়ী রাজশাহীকে সেই অনুমতি দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

এ নিয়ে বিসিবির মিডিয়া বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘বিদেশি ক্রিকেটার আসেনি, এটা নিয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। কী ধরণের সিদ্ধান্ত আসবে, সেটি বলতে পারছি না। কিন্তু কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আমরা ছাড় দিচ্ছি, খেলছে খেলুক। কিন্তু কতটুকু ছাড় দেওয়া যাবে? আমরা তো বিপিএলের মর্যাদা ক্ষুন্ন হতে দিতে পারি না। বিসিবির প্রধান দায়িত্ব বিপিএলের মর্যাদা রক্ষা করা।’

সারাবাংলা/জেটি