Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্রিকেটারদের পারিশ্রমিক আদায়ে এনএসসির কমিটি গঠন

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ২১:০৯

পারিশ্রমিক নাটকের শীর্ষে দুর্বার রাজশাহী

চলতি বিপিএলে দুর্বার রাজশাহী মাঠের ক্রিকেটে যতটা না আলোচিত, তার চেয়ে বেশি সমালোচিত একের পর এক মাঠের বাইরের কান্ডে। টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০% পরিশোধের নিয়ম থাকলেও সেসবের ধার ধারেনি দলটি। মালিকপক্ষ থেকে দুই দফায় পারিশ্রমিকের চেক পেয়েছেন তাসকিন আহমেদরা, দুই দফাতেই বাউন্স করেছে সেই চেক। ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি কোনো টাকা।

এর সাথে চিটাগং কিংসের বিপক্ষেও অভিযোগ আছে বিদেশি দুই ক্রিকেটারকে পারিশ্রমিক না দেয়ার। এমনকি দলটির ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে ব্যক্তিগত কারণে পারিশ্রমিক না দেয়ার কথা সংবাদমাধ্যমে স্বীকার করেছেন চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী।

বিজ্ঞাপন

এবারের বিপিএলে পারিশ্রমিক সংক্রান্ত বিষয়াদি খতিয়ে দেখার জন্য আজ (বৃহস্পতিবার) একটি “সত্যানুসন্ধান কমিটি” গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এনএসসি সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা জানানো হয়।

এনএসসির ক্রীড়া পরিচালককে আহ্বায়ক ঘোষণা করে এই ‘সত্যানুসন্ধান কমিটি’-তে রাখা হয়েছে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের একান্ত সচিব ও সহকারী ক্রীড়া পরিচালকে। এই কমিটিতে তাদের পদ যথাক্রমে সদস্য ও সদস্য সচিব। অফিস আদেশে আগামী ০৭ দিনের মধ্যে তাদের প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে এনএসসি।

এনএসসির অফিস আদেশে বলা হয়েছে, ‘চলতি বিপিএলকে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধ সংক্রান্তে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, যা জাতীয় ক্রীড়া পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে। স্মর্তব্য যে, শর্ত/ চুক্তি মোতাবেক যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ না করা হলে বিসিবি, বিপিএল তথা দেশের সম্মানের জন্য হানিকর মর্মে প্রতীয়মান হয়। উদ্ভূত প্রেক্ষাপটে বিপিএল ২০২৫ কে কেন্দ্র করে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকা সংক্রান্তে উত্থাপিত ইস্যুসমূহ যথাযথ পরীক্ষান্তে খতিয়ে দেখার জন্য নিম্নরূপে একটি ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করা হলো।

পারিশ্রমিক ইস্যুতে বিপিএলে কম নাটক হয়নি। এর আগে ৫০% দূর, পারিশ্রমিকের ২৫%ও পাননি রাজশাহীর ক্রিকেটাররা। চট্টগ্রাম পর্বে অনুশীলন বয়কট করেন তাসকিনরা। এমনকি ম্যাচ না খেলার হুমকিও দিয়ে রাখেন তারা। অবশ্য চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পর প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় দফার ম্যাচ বয়কট করেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। বিপিএল গভর্নিং কাউন্সিলের বিশেষ অনুমতি সাপেক্ষে কেবল দেশি ক্রিকেটারদের নিয়েই ম্যাচ খেলে রাজশাহী।

সারাবাংলা/জেটি