Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ সফরে এলো নিউজিল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট
২ মে ২০২৫ ১৫:৩৬

বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল

তিন ম্যাচের ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে গতকাল (বৃহস্পতিবার) রাতে বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। আগামী ৫ মে প্রথম ওয়ানডেতে সিলেটে মুখোমুখি হবে দুই দল। নিউজিল্যান্ড দল ঢাকা থেকে দুপুর ২টার এক ফ্লাইটে ইতোমধ্যে সিলেটে পৌঁছেছে। বাংলাদেশ ‘এ’ দলের সদস্যরা সিলেট গিয়েছেন গতকাল।

নিউজিল্যান্ডের স্কোয়াড তুলনামূলক তরুণ হলেও বাংলাদেশ ‘এ’ দলকে বলা যায় জাতীয় দলের ছায়া। জাতীয় দল ও জাতীয় দলের আশেপাশে থাকা বেশ কিছু ক্রিকেটারকে নিয়ে শক্তিশালী দলই ঘোষণা হয়েছে। দুই পেসার শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানকে রাখা হয়েছে প্রথম দুই ম্যাচের দলে। আছেন ডানহাতি পেসার এবাদত হোসেনও।

বিজ্ঞাপন

এছাড়া ব্যাটারদের মধ্যে পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ ও  সম্প্রতি তিন বছর পর টেস্ট দলে জায়গা পাওয়া এনামুল হক বিজয়ও আছেন  ১৫ সদস্যের দলে। নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারীর সাথে দলভুক্ত হয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। অবশ্য এই দলের অধিনায়ক কে হবেন, সেটা এখনও জানায়নি বিসিবি। নিউজিল্যান্ডের হয়ে লাল বলের অধিনায়কত্ব করবেন কো কায়ার্ট ও সাদা বলের নেতৃত্বে থাকছেন নিক কেলি।

এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। কিন্তু দেশের রাজনৈতিক পালাবদলে উত্তাল পরিস্থিতিতে স্থগিত হয় সেই সিরিজ।

৫ মে সিরিজের প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৭ ও ১০ মে। তিন ওয়ানডের প্রথম দুটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, তৃতীয় ও শেষটির ভেন্যু সিলেট আউটার গ্রাউন্ড মাঠ।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ মে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে আগামী ২১ মে। দুই ফরম্যাটের সিরিজ খেলে নিউজিল্যান্ড দল বাংলাদেশ ছাড়বে আগামী ২৫ মে।

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দল স্কোয়াড

পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম ভূঁইয়া অংকন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারী, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান রাজা।

সারাবাংলা/জেটি