Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী জসিম গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৬ ০০:১১

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী জসিম গ্রেফতার। ছবি: সংগৃহীত

কুমিল্লা: জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্রসহ পেশাদার সন্ত্রাসী মো. জসিম উদ্দিনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ-ভারত সীমান্তের অদূরবর্তী বিষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কুমিল্লা জেলা ডিবি পুলিশ। জসিম কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পাঁচথুবী ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা ডিবির এসআই বিল্লাল হোসেন জানান, অভিযানের সময় জসিমের কাছ থেকে আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক ৭.৬৫ এমএম স্বয়ংক্রিয় পিস্তল, দুটি ম্যাগাজিন এবং চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি অত্যন্ত উন্নত প্রযুক্তির এবং স্বয়ংক্রিয়ভাবে গুলি ছোড়ার সক্ষমতা রয়েছে।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার জসিম উদ্দিন একজন পেশাদার সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ড, অস্ত্র ও অন্যান্য অপরাধে অন্তত সাতটি মামলা রয়েছে।

ডিবি সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে অস্ত্রটি সংগ্রহ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জসিম উদ্দিনের সঙ্গে কোনো সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র জড়িত রয়েছে কিনা এবং তার কাছে আরও আগ্নেয়াস্ত্র মজুত আছে কিনা—তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম শাহ্ বলেন, ‘নির্বাচনকে ঘিরে যারা অবৈধ অস্ত্র সংগ্রহ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে, তাদের সবাইকে গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে। কোনো অস্ত্রধারী সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় কুমিল্লা ডিবি পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর