Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ক্ষমতায় গেলে জামায়াতের এমপিরা সরকারি প্লট-গাড়ি নেবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৫ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের এমপিরা রাষ্ট্রের দেওয়া প্লট গ্রহণ করবে না, রাষ্ট্রের বিলাসী গাড়ি ব্যবহার করবে না, অন্য কোনো বিশেষ সুবিধাও নেবেন না।

রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, ‘বাংলাদেশের রাজনীতি অবৈধ সুবিধা ও দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে। এখানে রাজনীতি ও নেতৃত্ব যেন পারিবারিক সম্পত্তি। এই দেশ কারও জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে, তা আমরা মানি না। যোগ্য যে কেউ এদেশে আগামীর নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও লিখেন, ‘আমরা কথা দিয়েছি, আমাদের এমপিরা রাষ্ট্রের দেওয়া প্লট গ্রহণ করবে না, রাষ্ট্রের বিলাসী গাড়ি ব্যবহার করবে না, অন্য কোনো বিশেষ সুবিধাও গ্রহণ করবে না। এমপিদের পরিবারের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। লুটের লাইসেন্স গ্রহণ নয়, আমানাত হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করাই হবে আমাদের লক্ষ্য। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয়, কোনোটিই আমরা করবো না এবং কাউকে করতেও দেবো না।’

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, ‘এই নির্বাচন সুবিধাবাদীদের জন্য নয়, এই নির্বাচন খেটে খাওয়া সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে মায়েরা তাদের মেয়েদের নিয়ে চিন্তিত থাকবে না, যুবকদের কণ্ঠ রুদ্ধ করা হবে না, অর্থের বিনিময়ে ন্যায়বিচার বিক্রি হবে না। সবার মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে আমরা আগামীর আধুনিক বাংলাদেশ গড়তে চাই।’

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর