Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংরক্ষিত নারী আসনে নির্বাচন / ফৌজদারি মামলার তথ্য চেয়ে ইসির চিঠি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ২২:৪৪

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো সাজাপ্রাপ্ত ব্যক্তি যাতে নিয়ম ভেঙে প্রার্থী হতে না পারেন, সে লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের আইনি রেকর্ড বা ফৌজদারি মামলার তথ্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
‎
‎বুধবার (১৫ এপ্রিল) ইসি সচিবালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
‎
‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। দাখিলকৃত মনোনয়নপত্রসমূহ নির্বাচন কমিশন সচিবালয়ে ২২-২৩ এপ্রিল বাছাই করা হবে।
‎
‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুসারে কোনো ব্যক্তি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্থ হয়ে অন্যূন ২ (দুই) বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং তার মুক্তি লাভের পর ৫ (পাঁচ) বৎসরকাল অতিবাহিত না হয়ে থাকলে সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার বা সংসদ সদস্য পদে থাকার অযোগ্য হবেন।
‎
‎চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এ অবস্থায় উল্লিখিত ব্যক্তিরা যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারেন তার জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ অর্থাৎ আগামী ২১ এপ্রিল বিকেল ৪টার পরপর মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা সংশ্লিষ্ট সংস্থাকে প্রদান করা হবে।
‎
‎প্রেরিত তালিকা পরীক্ষা-নিরীক্ষা করে মনোনয়নপত্র বাছাইয়ের জন্য নির্ধারিত সময়সীমা অর্থাৎ ২২-২৩ এপ্রিল মতামতসহ বাছাইয়ের দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন কর্মকর্তা পাঠানো প্রয়োজন। মনোনয়নপত্র দাখিলকারীদের তালিকা পাঠানোর পর কোনো মতামত পাওয়া না গেলে ধরে নেওয়া হবে প্রার্থীরা উল্লিখিত বিধান অনুসারে অযোগ্য নন।
‎
‎ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
‎

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো

সম্পর্কিত খবর